২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদেশি মুদ্রাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামের স্টেশন রোড এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে আড়াই লাখ টাকার সমপরিমাণ বিদেশি মুদ্রাসহ একজনকে গ্রেপ্তার করেছেন শুল্ক গোয়েন্দারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2015, 11:20 AM

Updated : 22 Aug 2022, 01:54 PM

শুল্ক গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক জাকির হোসেন জানান, বৃহস্পতিবার রাতে বানিয়াটিলা এলাকার একটি ভবনের দ্বিতীয় তলায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার জাফর আহম্মেদ (৪৫) শহরের রেয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা গ্রামে তার বাড়ি।

বানিয়াটিলার নুরউল্লাহ চৌধুরীর মালিকানাধীন ওই বাসায় ভাড়ায় থাকতেন জাফর।   

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জাকির বলেন, “জাফরের বাসা থেকে সৌদি আরব, ওমান, কাতার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়েছে। এসব মুদ্রার বিনিময় মান বাংলাদেশি মুদ্রায় দুই লাখ ৫৭ হাজার টাকা।”

ওই বাসায় বেশ কিছু খালি প্যাকেটও পাওয়া গেছে, যেগুলো স্বর্ণবার রাখার জন্য ব্যবহার করা হতো বলে শুল্ক গোয়েন্দাদের ধারণা। 

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজের কাছে বিদেশি মুদ্রা রাখতে পারেন না জানিয়ে জাকির বলেন, “জাফর আহম্মেদ অনুমোদন থাকার কোনো প্রমাণ দেখাতে পারেননি। তিনি কেন এসব মুদ্রা নিজের কাছে রেখেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।”