চট্টগ্রামে নবান্ন উৎসব আয়োজন
চট্টগ্রাম নগরীর ডিসি হিলে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে নবান্ন উৎসবের।
শনিবার বিকাল ৪টায় উৎসবের উদ্বোধন করবেন তিনজন কৃষক।
‘আজি নবান্ন উৎসবে নবীন গানে, আয়রে সবে আয়রে ছুটে প্রাণের টানে’ শ্লোগান নিয়ে উৎসবের আয়োজন করেছে শিশুদের সাংস্কৃতিক বিদ্যালয় ‘শিশুদের সাংস্কৃতিক জগত-শিশুমেলা’।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে।
বিশেষ অতিথি থাকবেন অধ্যাপক ফেরদৌস আরা আলীম। সভাপতিত্ব করবেন উৎসব উদযাপন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রীতা দত্ত।
“সাংস্কৃতিক মেলবন্ধন গড়ে তুলতে আর নির্মল বাঙালি সংস্কৃতির সঙ্গে নগরবাসীকে পরিচয় করিয়ে দিতেই এ আয়োজন।”
শনিবার বিকাল ৪টায় বাবুল জলদাস ও তার দলের ঢোল বাদনের মধ্যে দিয়ে শুরু হবে উৎসবের আয়োজন। এছাড়া থাকবে দলীয় নৃত্য, আবৃত্তি, মূকাভিনয় ও একক সঙ্গীত।
