২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চান্দগাঁওয়ে দুর্ঘটনায় দুই স্কুল শিক্ষার্থী আহত

চট্টগ্রামের চান্দগাঁওয়ে হিউম্যান হলারের চাপায় রিকশা ভ্যান আরোহী দুই স্কুল শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2015, 03:28 PM

Updated : 22 Aug 2022, 01:51 PM

চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকার সৌদিয়া গ্যারেজের সামনে মঙ্গলবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে তালিমুল উম্মা কিন্ডারগার্টেন স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রতিষ্ঠানের শিক্ষক মো. ফোরকান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনায় আহত সুরাইয়া (৬) ও রাফিকে (১৩) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুরাইয়া নার্সারিতে ও রাফি চতুর্থ শ্রেণিতে পড়ে।

তিনি জানান, স্কুল শেষে রিকশা ভ্যানে বাড়ি ফিরছিল ১০ শিক্ষার্থী।

“পথে একটি হিউম্যান হলার ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানে থাকা ১০ জনের মধ্যে সুরাইয়া ও রাফি বেশি আঘাত পায়। অন্যরা সামান্য ব্যথা পেয়েছে। স্থানীয়দের সহায়তায় দুই জনকে হাসপাতালে নেওয়া হয়।”

হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুরাইয়ার আঘাত একটু বেশি বলে চিকিৎসকরা জানিয়েছেন। তাদের ‘ক্যাজুয়ালটিতে’ চিকিৎসা দেওয়া হচ্ছে।”