চবিতে ভর্তি জালিয়াতির অভিযোগে আটক আরও ১
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আরও এক ভর্তিচ্ছুকে আটক করা হয়েছে।
আটকের নাম ভূপেশ রায়।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে কলা ও মানববিদ্যা অনুষদের (বি-১ ইউনিট) পরীক্ষা চলাকালীন হাটহাজারী কলেজের অনার্স ভবনের ২০২ নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যাংকের এটিএম কার্ডসদৃশ একটি মোবাইলের সঙ্গে সংযুক্ত ব্লুটুথ ইয়ারপিস ব্যবহার করে একজন শিক্ষার্থী জালিয়াতি করছিল। দায়িত্বরত শিক্ষকরা জালিয়াতির বিষয়টি বুঝতে পেরে তাকে আটক করেন।”
পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয় বলে জানান প্রক্টর।
ভুপেশ দুই লাখ টাকার বিনিময়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে একজনের সঙ্গে চুক্তি করেছিল বলে হাটহাজারী সার্কেলের এএসপি মশিউদ্দৌলাহ রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
“ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এ ধরনের জালিয়াতিতে একটি চক্র জড়িত আছে। জালিয়াত চক্রের অন্যদেরকে আটক করতে আমরা অভিযান চালাচ্ছি।”
দুদিনে (রোববার ও সোমবার) অনুষ্ঠিত হচ্ছে কলা ও মানববিদ্যা অনুষদের (বি ১-৮) ভর্তি পরীক্ষা। এ অনুষদের মোট ১ হাজার ৪৪১টি আসনের বিপরীতে আবেদন করেছে ৪৪ হাজার ৩০ জন।
রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও নগরীর ছয়টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবারের ব্যবসায় প্রশাসন অনুষদের ভর্তি পরীক্ষার সময় প্রক্সি (বদলি) দেওয়ার অভিযোগে চবি মার্কেটিং স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আজিজুল হাকিম লিটন এবং রায়হান বিন কায়সার নামের এক ভর্তিচ্ছুককে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত বৃহস্পতিবার আইন অনুষদের ভর্তি পরীক্ষার সময় ‘স্মার্টওয়াচ’ ব্যবহার করে জালিয়াতির অভিযোগে ঢাবি শিক্ষার্থী মো. কামরুল ইসলাম ও চবি নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেনকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ভর্তি পরীক্ষায় জালিয়াতিতে জড়িতরা বারবার কৌশল পাল্টাচ্ছে জানিয়ে এসপি (সার্কেল) মশিউদ্দৌলাহ রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এর আগে স্মার্টঘড়ি ব্যবহার করে জালিয়াতি করে ধরা পড়ায় তারা এবার কৌশল পাল্টে মোবাইলের মাধ্যমে জালিয়াতির চেষ্টা করেছে।”
চক্রটির অন্য সদস্যদের ধরতে আটক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
