২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ভর্তি: ধরা খেল চতুর্থ বর্ষের ছাত্র

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষায় ‘প্রক্সি’ দেওয়ার অভিযোগে দুই জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2015, 06:57 PM

Updated : 25 Apr 2022, 02:06 PM

আটকরা হল- বিশ্ববিদ্যালযের মার্কেটিং স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আজিজুল হাকিম লিটন ও ভর্তি পরীক্ষার্থী রায়হান বিন কায়সার।

শনিবার বিকালে ব্যবসায় প্রশাসন অনুষদের (সি ২-৩ ইউনিট) পরীক্ষা চলাকালে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের ২৩৬ নম্বর কক্ষ থেকে তাদের আটক করা হয়।

প্রক্টর আলী আজগর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজিজুল হাকিম লিটন আমাদের বিশ্ববিদ্যালয়রেই একজন শিক্ষার্থী। সাইফুল নাম দিয়ে আবেদন করে পরীক্ষার্থী হিসেবে লিটন পরীক্ষা দিতে এসেছিল।

“পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার পর রায়হান বিন কায়সার নামে এক ভর্তি পরীক্ষার্থীর খাতায় এমসিকিইউ প্রশ্নের উত্তর ভরাট করছিল সে। পরীক্ষার হলে দায়িত্বে থাকা শিক্ষক প্রক্সি দেওয়ার ব্যাপারটি বুঝতে পারলে আমরা তাদের দুই জনকে আটক করি।”

আটক দুই শিক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশে সোপর্দ করা হয়েছে বলেও জানান প্রক্টর।

শনিবার সকাল ও বিকাল দুই বেলায় অনুষ্ঠিত হয়েছে ব্যবসায় প্রশাসন অনুষদের ভর্তি পরীক্ষা।

এ অনুষদের মোট ৭৪৫টি আসনের জন্য আবেদন করেছেন ৩২ হাজার ৫১ জন।