২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭ নভেম্বরের সভায় ছাত্রদল কর্মীদের মারামারি

৭ নভেম্বরের আলোচনা সভায় বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সামনে মারামারিতে জড়িয়েছেন ছাত্রদলের দুই পক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2015, 06:40 PM

Updated : 12 Oct 2022, 04:23 PM

শনিবার বিকালে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয় প্রাঙ্গণে সভা মঞ্চের সামনে এ ঘটনা ঘটে।

বিকাল ৪টা ২০ মিনিটে নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বক্তব্য দেওয়া শুরুর কয়েক মিনিটের মধ্যেই চট্টগ্রাম কলেজ ছাত্রদলের ব্যানার নিয়ে একটি মিছিল সভা প্রাঙ্গণে আসে।

মিছিলটি সভা মঞ্চের দিকে এগিয়ে যেতে চাইলে ছাত্রদলের অন্য একটি পক্ষের নেতাকর্মীরা তাদের বাধা দেয়।  তখন দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

নেতাকর্মীরা জানান, মিছিল নিয়ে আসা চট্টগ্রাম কলেজ ছাত্রদলের কর্মীরা নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজের অনুসারী। আর যারা বাধা দিয়েছে, তারা ছাত্রদলের নগর কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলুর অনুসারী।

দুটি পক্ষই নগরীর রাজনীতিতে ডা. শাহাদাতের অনুসারী হিসেবে পরিচিত।

দুই পক্ষ চেয়ার ছোড়াছুড়ি করে মারামারিতে লিপ্ত হলে বক্তব্য অসমাপ্ত রেখেই বসে পড়েন শাহাদাত।

জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে মারামারি কিছুক্ষণের জন্য থামলেও মিনিট দশেক পর আবারও হাতাহাতিতে লিপ্ত হয় দুই পক্ষ।

মারামারিতে কিছুক্ষণ সভার কার্যক্রম বন্ধ থাকার পর আবার সভা শুরু হয়।

পরে সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান শামীম বলেন, “আমি নিজেও ছাত্রদল করেছি। ছাত্রদলের সমস্যার জন্য যদি সভা করতে না পারি আমার লজ্জা লাগে।

“সভাপতি-সাধারণ সম্পাদককে বলছি, দ্রুত এ সমস্যা সমাধান করুন।”

নেতা-কর্মীদের উদ্দেশে শাহাদাত হোসেন বলেন, “আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চেয়েছিলাম। এখানে এসে তোমরা আর ধাক্কাধাক্কির সময় পেলে না।

“আমি বলে দিচ্ছি তোমাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে বিএনপি।

এ বিষয়ে ডা. শাহাদাত বলেন, ইনু বাহিনী ও তাহের বাহিনী তখন ক্যান্টনমেন্ট থেকে জিয়াউর রহমানকে জাসদের কার্যালয়ে নিয়ে যেত চেয়েছিল। রাষ্ট্রকে কমিউনিজমের দিকে নিয়ে যেতে চেয়েছিল।

“সেদিন সিপাহী-জনতা রাস্তায় নেমেছিল। জিয়াউর রহমানকে তারা জাসদের হাতে যেতে দেয়নি। দেশকে গণতন্ত্রের পথে রেখেছিল।”

বাংলাদেশ জাতীয়তাবাদী দল, চট্টগ্রাম ও এর অঙ্গ সংগঠন আয়োজনে নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক বেগম রোজী কবির ও নগর ছাত্রদল সভাপতি গাজী সিরাজ।