চট্টগ্রামে ৭ নভেম্বরের কর্মসূচিতে বিএনপিকে ‘বাধা’
‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে নগরীর ‘বিপ্লব উদ্যানে’ পুলিশি বাধায় ফুল দিতে না পরার অভিযোগ করেছে চট্টগ্রাম নগর বিএনপি।
পুলিশ বলছে, সেখানো কোনো কর্মসূচি পালনের অনুমতিই ছিল না বিএনপির।
নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তার নেতৃত্বে পূর্বঘোষিত সমাবেশ ও মিছিলে অংশ নিতে ওই এলাকায় জড়ো হন নেতাকর্মীরা।
তিনি জানান, পুলিশি বাধায় ‘বিপ্লব উদ্যানে’ ‘বিপ্লব ও সংহতি দিবসের স্মারক স্তম্ভে’ ফুল দিতে না পেরে সামনের সড়কে সমাবেশ করে রাঙ্গুনিয়ার জিয়া নগরে জিয়ার প্রথম কবরে ফুল দিতে রওনা হন তারা।
শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সমাবেশ ও মিছিল করতে দেওয়া হলেও আমাদের ফুল দিতে দেওয়া হয়নি। গণতন্ত্রের পথে এ ধরনের কার্যকলাপ এক বিরাট বাধা।
“বাধা দিচ্ছে বলেই দেশে স্বৈরাচারী অপশক্তি মাথা চাড়া দিচ্ছে। গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা না দিলে সন্ত্রাসী শক্তি বৃদ্ধি পেত না। দেশের এই অবস্থা থেকে বেরিয়ে আসতে জাতীয় সংলাপের প্রয়োজন। না হলে জঙ্গি দমন সম্ভব হবে না।”
এ বিষয়ে পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিপ্লব উদ্যানে কোনো কর্মসূচি পালনে বিএনপির অনুমতি ছিল না। তারা রাঙ্গুনিয়া যাওয়ার পথে সেখানে নেমে সংক্ষিপ্ত সমাবেশ করেছে।”
‘বিপ্লব উদ্যানের’ সামনের সড়কে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নগর যুবদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন দিপ্তী, নগর ছাত্রদল সভাপতি গাজী সিরাজ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু প্রমুখ
বিকাল তিনটায় নগর বিএনপির কার্যালয়ে ‘বিপ্লব ও সংহতি দিবসের’ আলোচনা সভা হওয়ার কথা রয়েছে।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর সেনাপ্রধানের দায়িত্বে আসেন জিয়াউর রহমান। এরপর মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে একটি অভ্যুত্থান হয়; জিয়া হন গৃহবন্দি।
৭ নভেম্বর মুক্তিযুদ্ধের আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানে আটকাবস্থা থেকে মুক্ত হন জিয়া। আর এর মধ্য দিয়ে জিয়া ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন, হন দেশের প্রথম সামরিক আইন প্রশাসক।
বিএনপি এই দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, আওয়ামী লীগ ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ এবং জাসদ ‘সিপাহী-জনতার অভ্যুত্থান’ দিবস হিসাবে পালন করে।
