চবি ভর্তি পরীক্ষায় জালিয়াতিতে ঢাবি ছাত্র গ্রেপ্তার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির আভিযোগে এক পরীক্ষার্থীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তাররা হলেন- মো. কামরুল ইসলাম ও ইমরান হোসেন। এদের মধ্যে ইমরান ভর্তি পরীক্ষায় অংশ নিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কামরুল তাকে উত্তর সরবরাহ করছিলেন বলে পুলিশ কর্মকর্তারা জানান।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ঙ’ ইউনিটের (আইন অনুষদ) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলাকালে তাদের গ্রেপ্তার করা হয়।
ইমরান বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। আইন অনুষদে ভর্তির জন্য দ্বিতীয়বারের মতো ভর্তি পরীক্ষায় অংশ নেন তিনি।
চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (হাটহাজারি সার্কেল) মসিউদৌল্লাহ রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কামরুল শামসুন নাহার হলের ঝুপড়িতে বসে ‘স্মার্ট ওয়াচের’ সহায়তায় ইমরানের কাছে উত্তর সরবরাহ করছিল। ইমরানকে আটকের পর হলের ঝুপড়ি থেকে কামরুলকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনা নিয়ে বিকালে সংবাদ সম্মেলন করেন চট্টগ্রামের পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার।
তিনি বলেন, গ্রেপ্তার কামরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর বিভাগের ছাত্র বলে পরিচয় দিয়েছে।
“সে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্য। তারা টাকার বিনিময়ে বিভিন্ন পরীক্ষায় হলে উত্তর সরবরাহ করে থাকেন।”
পরীক্ষা কেন্দ্রে উত্তর সরবরাহের জন্য ইমরান তাদের পাঁচ হাজার টাকা দিতে চেয়েছিলেন বলে জানান তিনি।
এ ঘটনার সঙ্গে আর কারা যুক্ত আছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ সুপার হাফিজ জানান।
