চবিতে সংঘর্ষের ঘটনায় দুই ছাত্র বহিষ্কার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানাতে গিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এরা হলেন-চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী মোফাজ্জল হায়দর হোসাইন এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো.মিজানুর রহমান খান। দুজনেই ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের ছাত্র।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. ফরহাদ হোসেন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের কথা জানানো হয়।
সংঘর্ষের দিন সোমবার হলের বারান্দায় দাঁড়িয়ে এই দুজনের রামদাতে শান দেওয়ার ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিশ্ববিদ্যালয়ের ‘বোর্ড অব রেসিডেন্স, হেল্থ অ্যান্ড ডিসিপ্লিনের’ রিপোর্টে সংঘর্ষের ঘটনায় তাদের সম্পৃক্ততা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।”
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলার মধ্যে সোমবার ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানাতে গিয়ে সংঘর্ষে জড়ায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনের অনুসারীরা। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হন।
বহিষ্কৃত মোফাজ্জল ও মিজানুর সভাপতি আলমগীর টিপুর অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
