চবিতে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ৩ মামলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানাতে গিয়ে মঙ্গলবার ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা করেছে পুলিশ।
চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (হাটহাজারি সার্কেল) মসিউদৌল্লাহ রেজা জানান, পুলিশের ওপর হামলা এবং শাহ জালাল ও শাহ আমানত হলে অস্ত্র উদ্ধারের ঘটনায় হাটহাজারি থানায় মামলা তিনটি করা হয়।
পুলিশের ওপর হামলার ঘটনায় হাটহাজারি থানার এসআই মো. মঞ্জু, শাহজালাল হলে অস্ত্র উদ্ধারেরর ঘটনায় এসআই স্বপন কুমার ও শাহ আমানত হলে অন্ত্র উদ্ধারের ঘটনায় এসআই মো. হাবিব বাদি হয়ে মামলা করেন।
এসআই স্বপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহজালাল হলে অস্ত্র উদ্ধারের ঘটনায় আবু তোরাব পরশ, আরমান, ইমতিয়াজ উদ্দিন অভি, রায়হান মাহমুদ শুভ ও রুপ আহমদের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
এদের মধ্যে আবু তোরাব পরশকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
সোমবার সকালে ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে ছাত্রলীগ সভাপতি আলমগীর টিপুর অনুসারী ‘সিক্সটি নাইন’ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনের অনুসারী ‘সিএফসি’ নামের দুই গ্রুপের কর্মীরা পরীক্ষা শুরুর আগে ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানাতে বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে মিছিল করার সময় হাতাহাতিতে জড়ায়।
এরপর সভাপতির অনুসারীরা শাহজালাল হল এবং সাধারণ সম্পাদকের অনুসারীরা শাহ আমানত হলে অবস্থান নেয়। বেলা সোয়া ১১টার দিকে উভয়পক্ষ অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করে।
সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ কমপক্ষে ১০ জন আহত হয়। সংঘর্ষ থামাতে পুলিশ অর্ধশতাধিক রাউন্ডগুলি ছোড়ে।
এরপর পুলিশ শাহ আমানত ও শাহজালাল হলে অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করে ও বিপুল পরিমাণ ধারালো অস্ত্র এবং শাহ আমানত হল থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।
