২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের সিআরবিতে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ১৯

চট্টগ্রামের সিআরবিতে যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের অনুসারীদের সংঘর্ষের ঘটনায় মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ ও নগর গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2015, 06:40 PM

Updated : 22 Aug 2022, 01:46 PM

গত রোববার সিআরবি সাত রাস্তার মোড়ে কেন্দ্রীয় ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সম্পাদক সাইফুল ইসলাম লিমন ও যুবলীগের কেন্দ্রীয় উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়।

মঙ্গলবার রাত থেকে ভোর পর্যন্ত সিআরবি ও এর আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে নগর গোয়েন্দা ও কোতোয়ালি থানা পুলিশ।

গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (দক্ষিণ) কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিআরবি, এনায়েতে বাজার, গোয়ালপাড়া, ফলমন্ডি এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

এদের মধ্যে যাচাই করে ছয় জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান তিনি।

কামরুজ্জামান বলেন, “গ্রেপ্তারদের মধ্যে রানা, জসিম, হেলাল, মহিউদ্দিন নামে এজাহারভুক্ত চার জন রয়েছে। এছাড়া বিভিন্ন গণমাধ্যমে আসা ছবির ভিত্তিতে পলাশ নামে একজনসহ আরও দুই জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।”

রোববারের ওই সংঘর্ষের ঘটনায় রাতেই কোতোয়ালি থানায় পুলিশ বাদী হয়ে উভয় পক্ষের ৫৪ জনকে আসামি করে একটি মামলা করেছিল।

এদিকে কোতোয়ালি থানা পুলিশের অভিযানে আরও ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান পরিদর্শক (তদন্ত) নূর আহমদ।

তিনি বলেন, “সিআরবি এলাকায় অভিযান চালিয়ে ৩৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে যাচাই বাছাই শেষে ১৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।”

রোববারের (১ নভেম্বর) সংঘর্ষের আগে গত ১২ অক্টোবর এ দুই পক্ষের কর্মীরা ওই এলাকায় সংঘর্ষে জড়িয়েছিল।

এরও আগে ২০১৩ সালের ২৪ জুন চট্টগ্রাম সিআরবিতে ৪৮ লাখ টাকার টেন্ডার জমা দেওয়া নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সে সময় গোলাগুলিতে সাজু পালিত নামে এক যুবলীগকর্মী এবং আরমান হোসেন টুটুল নামে আট বছর বয়সী এক শিশু নিহত হয়।

ওই ঘটনায় কোতোয়ালি থানার এসআই মহিবুর রহমান বাদী হয়ে যুবলীগের হেলাল, ছাত্রলীগের লিমনসহ দুই পক্ষের ৮৭ জনকে আসামি করে মামলা করেন।

সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থল, আশপাশের এলাকা এবং ঢাকায় অভিযান চালিয়ে বাবর, লিমনসহ মোট ৫৭ জনকে গ্রেপ্তারও করে। তবে কয়েক মাসের মধ্যে সবাই জামিনে ছাড়া পেয়ে যান।

পুরনো খবর:

চট্টগ্রাম সিআরবিতে ফের সংঘাতে ছাত্রলীগ ও যুবলীগ