চট্টগ্রাম সিআরবিতে ফের সংঘাতে ছাত্রলীগ ও যুবলীগ
এক কর্মীকে মারধরের জেরে চট্টগ্রামে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর এলাকায় (সিআরবি) ছাত্রলীগ ও যুবলীগের ধাওয়া পাল্টা-ধাওয়া ফাঁকা গুলি ছুড়ে থামিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সিআরবি সাত রাস্তার মোড়ে কেন্দ্রীয় ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সম্পাদক সাইফুল ইসলাম লিমন ও যুবলীগের কেন্দ্রীয় উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ বাঁধে।
পরে পুলিশ লাঠিপেটা করে এবং ফাঁকা গুলি ছুড়ে তাদের হটিয়ে দেয় বলে কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
সংঘর্ষে দুই পক্ষের নয়জন আহত হয়েছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে চমেক ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম জানিয়েছেন।
তারা হলেন- হানিফুর রহমান হিমু (২৭), মো. সাঈদ (২৭), রাকিব আহমদ (২৫), মিজান (২৬), মো. জামশেদ (২৯), দিদারুল আলম হৃদয় (২০), হেলাল উদ্দিন (২৭), হানিফ (২৫) ও আজিম (২১)।
ছড়রা গুলিতে আহত অবস্থায় তাদের হাসপাতালে আনা হয় বলেন জানান এসআই জহির।
এর আগে গত ১২ অক্টোবর এ দুই পক্ষের কর্মীরা ওই এলাকায় সংঘর্ষে জড়িয়েছিলে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা সাড়ে ১১টার দিকে লিমনের সমর্থক বাবুকে সিআরবি এলাকায় মারধর করে বাবরের অনুসারীরা।
এর জেরে লিমনের অনুসারীরা ওই এলাকায় জড়ো হয়। পরে বাবরের সমর্থকরাও সেখানে জড়ো হরে শুরু হয় উত্তেজনা।
দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিলে বেলা সাড়ে ১২টার দিকে শুরু হয় ধাওয়া- পাল্টা ধাওয়া। এ সময় তাদের হাতে লাঠিসোঁটা, ধারালো অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্রও দেখা যায়।
পরে পুলিশ তাদের হটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় বলে জানান ওসি।
তিনি বলেন, “পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি করেছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। সেখানে পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে।”
২০১৩ সালের ২৪ জুন চট্টগ্রাম সিআরবিতে ৪৮ লাখ টাকার টেন্ডার জমা দেওয়া নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সে সময় গোলাগুলিতে সাজু পালিত নামে এক যুবলীগকর্মী এবং আরমান হোসেন টুটুল নামে আট বছর বয়সী এক শিশু নিহত হয়।
ওই ঘটনায় কোতোয়ালি থানার এসআই মহিবুর রহমান বাদী হয়ে যুবলীগের হেলাল, ছাত্রলীগের লিমনসহ দুই পক্ষের ৮৭ জনকে আসামি করে মামলা করেন।
সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থল, আশপাশের এলাকা এবং ঢাকায় অভিযান চালিয়ে বাবর, লিমনসহ মোট ৫৭ জনকে গ্রেপ্তারও করে। তবে কয়েক মাসের মধ্যে সবাই জামিনে ছাড়া পেয়ে যান।
