চট্টগ্রামে চেকপোস্টে পুলিশের বাড়তি সতর্কতা
দুই সপ্তাহের ব্যবধানে ঢাকায় দুই পুলিশ সদস্য খুনের পর চট্টগ্রামে তল্লাশির ক্ষেত্রে পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার আব্দুল জলিল মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, “নগরের বিভিন্ন এলাকার চেকপোস্টে অফিসারদের নেতৃত্বে তল্লাশি করতে বলা হয়েছে।”
এছাড়াও চলাচলে সচেতন থাকারও পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
রাজধানী ঢাকার গাবতলীতে তল্লাশি চৌকিতে ছুরিকাঘাতে পুলিশের এক এএসআই নিহত হওয়ার ১৩ দিনের মাথায় আবারও পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে।
বুধবার সকাল সাভারের আশুলিয়ায় পুলিশের একটি চেকপোস্টে তল্লাশির সময় ছুরি মেরে শিল্প পুলিশের এক কনস্টেবলকে হত্যা ও চারজনকে জখম করে দুর্বৃত্তরা।
সিএমপি কমিশনার আরও বলেন, “জনগণের ও পুলিশের জানমাল রক্ষা করার জন্য অস্ত্র দেওয়া হয়েছে। জানমাল রক্ষায় পুলিশ তাদের কাজ করবে।”
নগর পুলিশের বিশেষ শাখা থেকে পাওয়া হিসেব মতে নগরীতে স্থায়ী চেকপোস্ট আছে মোট ছয়টি।
চান্দগাঁও থানার মোহরা, বায়েজিদ থানার অক্সিজেন, আকবরশাহ থানার সিটিগেইট ও বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় চারটি চেকপোস্ট আগে থেকেই ছিল।
গত ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রায়াত্ব তেল শোধনাগার পদ্মা, মেঘনা, যমুনা ও ইস্টার্ন রিফাইনারিতে ইসলামী ছাত্রশিবিরের হামলার পরিকল্পনা ফাঁসের পর সিমেন্ট ক্রসিং ও গুপ্তাখাল এলাকায় আরও দুইটি চেকপোস্ট বাড়ানো হয়।
এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় ‘সারপ্রাইজ’ চেকপোস্টও বসানো হয়।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিটি চেকপোস্টে নিয়মগুলো পুরোপুরি মেনে চলতে নির্দেশনা দেওয়া হয়েছে।
চেকপোস্টে কমপক্ষে পাঁচজন করে পুলিশ সদস্য রাখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এদের মধ্যে তিন জন তল্লাশির এবং দুইজন অনগার্ড সদস্য থাকবেন।
