২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দর এলাকায় ৫ ‘প্রতারক’ গ্রেপ্তার

কাস্টমস কর্মকর্তা পরিচয়ে প্রতারণাকারী পাঁচ ব্যক্তিকে চট্টগ্রাম বন্দর এলাকা থেকে গ্রেপ্তারের দাবি করেছে আইন-শৃঙ্খলা বাহিনী ও বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 09:54 PM

Updated : 22 Aug 2022, 01:45 PM

গ্রেপ্তাররা হলেন- মাদারীপুরের নুরুল হক, মুন্সীগঞ্জের মোশাররফ হোসেন, শরীয়তপুরের আবদুস সালাম, কুমিল্লার শেখ আলম ও নাদের উজ জামান।

মঙ্গলবার দুপুরে বন্দরের নিরাপত্তা বিভাগ ও বন্দর থানা পুলিশ বন্দরের চার নম্বর গেইটের বাইরে থেকে তাদের গ্রেপ্তার করে।

চট্টগ্রাম বন্দরের পরিচালক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘদিন ধরে একটি চক্র বন্দরের ভেতরে ও বাইরে নিজেদের কাস্টমস কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল।”

গত ২৭ মে মো. সেলিম নামে এক ব্যবসায়ীকে বন্দরের ভেতর থেকে প্রাডো গাড়ি কিনে দেওয়ার কথা বলে দুইদফায় বেশ কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগী ওই ব্যবসায়ী থানায় সাধারণ ডায়রি করেন এবং বন্দরে অভিযোগ করেন।

তার ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনা অনুসন্ধান করতে গিয়ে এ চক্রের খোঁজ মেলে বলে জানান বন্দর পরিচালক আলমগীর।

তিনি বলেন, “গ্রেপ্তারদের মধ্যে নুরুল হকের গায়ে কাস্টমস কর্মকর্তার পোশাক ছিল।”

বন্দর থানার ওসি মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ প্রতারকচক্র। তারা দীর্ঘদিন ধরে নানাভাবে বন্দর এলাকায় লোকজনকে প্রতারিত করে আসছিল।”

গ্রেপ্তার নুরুলের বিরুদ্ধে আগেই চারটি মামলা ছিল জানিয়ে ওসি বলেন, প্রতারণার ঘটনায় নতুন একটি মামলা হয়েছে।