২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় আটক ৩০

ভর্তি পরীক্ষায় শুভেচ্ছা জানাতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর ছাত্রদের দুটি হলে তল্লাশি চালিয়ে ৩০ জনকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 07:50 PM

Updated : 22 Aug 2022, 01:44 PM

সোমবার সকালে সংঘর্ষের ঘটনার পর দুপুরে শাহ আমানত ও শাহজালাল হলে তল্লাশি চালায় পুলিশ।

হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মসিউদৌল্লাহ রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হল দুটিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র, লোহার রড উদ্ধার করা হয়।”

শাহ আমানত হল থেকে ৩০ জনকে আটক এবং একটি পাইপ গান ও একটি কাটা বন্দুক উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

সকালে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে ছাত্রলীগের দুটি পক্ষ। এতে পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগ সভাপতি আলমগীর টিপুর অনুসারী ‘সিক্সটি নাইন’ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনের অনুসারী ‘সিএফসি’ নামের দুই গ্রুপের কর্মীরা পরীক্ষা শুরুর আগে ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানাতে বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে মিছিল করার সময় হাতাহাতিতে জড়ায়।

এতে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সৃষ্টি হয় আতঙ্ক।

এরপর সভাপতির অনুসারীরা শাহজালাল হল এবং সাধারণ সম্পাদকের অনুসারীরা শাহ আমানত হলে অবস্থান নেয়। বেলা সোয়া ১১টার দিকে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করে।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টায় পুলিশ লাঠিপেটার পাশাপাশি ফাঁকা গুলি ছোড়ে।

সংঘর্ষে হাটহাজারী থানার ওসি মো. ইসমাইলসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মসিউদৌল্লাহ।

ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন সোমবার সকালে ‘জি’ ইউনিটের (ইঞ্জিনিয়ারিং অনুষদ) এবং বিকালে আই ইউনিটের (ইন্সটিটিউট অব মেরিন এন্ড ফিশারিজ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

‘জি’ ইউনিটের ১২৮ টি আসনের বিপরীতে ২৩ হাজার ৪৫৭ জন এবং ‘আই’ ইউনিটে ১১১ আসনের বিপরীতে চার হাজার নয়শ ২৫ জন  শিক্ষার্থী আবেদন করেছিলেন।

ক্যাম্পাসে সংঘর্ষ হলেও সোমবার দুইটি ইউনিটের পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান প্রক্টর আলী আজগর চৌধুরী।

ভর্তি পরীক্ষার সয়ম শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে পুলিশের পক্ষ থেকে চবি প্রশাসনকে সবধরনের সহায়তা করা হবে বলে আশ্বাস দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ শহীদুল্লাহ।