২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জঙ্গি দমনে ব্যর্থতায় মুক্তমনাদের উপর হামলা’

জঙ্গি দমনে সরকারের ‘ব্যর্থতার’ কারণেই মুক্তমনাদের উপর ধারাবাহিকভাবে হামলা হচ্ছে বলে অভিযোগ করেছে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের শীর্ষ নেতারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2015, 09:07 PM

Updated : 22 Aug 2022, 01:43 PM

রোববার বিকালে চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় মোড়ে বিক্ষোভ সমাবেশে তারা এ অভিযোগ করেন।

গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান বলেন, “২০০৪ সালে অধ্যাপক হুমায়ুন আজাদের হত্যা চেষ্টার মধ্য দিয়ে জঙ্গিরা মুক্তমনাদের উপর হামলা শুরু করে। এরপর গত দুই বছরে সাতজন লেখককে একই কায়দায় হত্যা করা হয়।

“একটি হত্যাকাণ্ডেরও বিচার হয়নি। সরকার জঙ্গি দমনে ব্যর্থতার পরিচয় দিয়েছে। পাশাপাশি মুক্তমনা লেখক, চিন্তাবিদ ও প্রকাশকদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ কারণেই একের পর এক হামলার ঘটনা ঘটছে।”

গণজাগরণ মঞ্চের সদস্য সচিব ডা. চন্দন দাশ বলেন, “বাঙালি জাতীয়তাবাদকে ধ্বংস করতে পাকিস্তান আমল থেকেই সাম্রাজ্যবাদী শক্তি তৎপর ছিল। তারা অতীতেও সফল হয়নি,এখনও হবে না।”

ঘাতকদের রুখতে মুক্তিযুদ্ধের পক্ষের সব মানুষকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান জানান তিনি।

মঞ্চের সংগঠক সুনীল ধর বলেন, “দেশে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে। সরকারকে এই ব্যর্থতার দায় নিয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”

বিক্ষোভ সমাবেশের আগে বিকালে চেরাগী পাহাড় মোড় থেকে বের হওয়া একটি মিছিল নগরীর আন্দরকিল্লা মোড় ও প্রেসক্লাব চত্বর ঘুরে আবার সমাবেশস্থলে এসে শেষ হয়।

এদিকে ঢাকা থেকে গণজাগরণ মঞ্চ ঘোষিত মঙ্গলবারের আধাবেলা হরতালের সমর্থনে সোমবার বিকাল ৫টায় চেরাগী পাহাড় মোড় থেকে মশাল মিছিলের ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে।

সমাবেশে অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবছার,অধ্যাপক অশোক সাহা, উদীচী চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তা, সাবেক ছাত্রনেতা রবিউল হোসেন, ছাত্রফ্রন্ট চট্টগ্রাম জেলা শাখার সভাপতি আল কাদেরী জয়, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী বিপ্লব বক্তব্য রাখেন।

সমাবেশে মুক্তিযোদ্ধা পঞ্চানন চৌধুরী, তপন দস্তিদার, খেলাঘর সংগঠক মোরশেদ আলম চৌধুরী, গণজাগরণ মঞ্চের সংগঠক শিমুল দত্ত ও হাবিব বিপ্লব, শিক্ষিকা সালমা জাহান মিলি, যুবনেতা রুবেল দাশ প্রিন্স ও পাঠাগার সংগঠক অমিতাভ সেন উপস্থিত ছিলেন।