২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রোববার শুরু ‘ভর্তিযুদ্ধ’

দুটি ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে রোববার শুরু হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রথম বর্ষের ভর্তিযুদ্ধ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2015, 04:26 PM

Updated : 25 Apr 2022, 02:04 PM

প্রথম দিনে ‘এ’ ইউনিট (বিজ্ঞান অনুষদ) এবং ‘জে’ ইউনিটের (ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগামী ৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দুই পালায় বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শহরের ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে সকাল সাড়ে ১০টা এবং বেলা আড়াইটা থেকে এই দুই বেলার পরীক্ষা শুরু হবে।

ভর্তি পরীক্ষার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে ভর্তি কমিটির সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, এবছর বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদে চার হাজার ৬৫৩ টি আসনের বিপরীতে মোট দুই লাখ ১১ হাজার ৯৫২ টি আবেদন জমা পড়েছে।

প্রতি আসনের বিপরীতে ৪৬ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় প্রতিযোগিতা করছে।

ডেপুটি রেজিস্ট্রার আকবর হোছাইন বলেন, “নতুন দুটি বিভাগ চালুসহ বিভিন্ন বিভাগে আসন বৃদ্ধি করায় এবার চবিতে ১৩৭টি আসন বেড়েছে, যার মধ্যে সাধারণ ১১৫টি এবং কোটার ২২টি।”

প্রথম দিন পদার্থবিদ্যা, রসায়নসহ পাঁচটি বিভাগ নিয়ে গঠিত ‘এ’ ইউনিটের পরীক্ষায় অংশ নিতে ৫৪৬টি আসনের বিপরীতে ২৫  হাজার ৭৬৬ জন শিক্ষার্থী আবেদন করেছে।

আর ‘জে’ ইউনিটে ৮৫টি আসনের বিপরীতে আবেদন করেছে চার হাজার ৫১৪ জন শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রে যাতাযাতের সুবিধার্থে পরীক্ষার্থীদের জন্য শাটল ট্রেনের সময়সূচিও পরিবর্তিত হয়েছে।

পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে চবি প্রক্টরিয়াল কার্যালয়।

ভর্তি কমিটির সচিব আকবর হোছাইন জানান, পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনসহ সব ধরনের ইলেকট্রনিক যন্ত্র আনা নিষিদ্ধ করা হয়েছে। কেউ পরীক্ষা কেন্দ্রে এ ধরনের কোন যন্ত্র নিয়ে এলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ভর্তি পরীক্ষায় গতবারের মত এবারেও সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে কম্পিউটার সায়েন্স ও ফলিত পদার্থবিদ্যা  নিয়ে গঠিত ‘জি’ ইউনিটে (ইঞ্জিনিয়ারিং অনুষদে)।

২ নভেম্বর সকালে ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রতি আসনের বিপরীতে ১৮৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছে।

একই দিন বিকালে ‘আই’ ইউনিটের (ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ) পরীক্ষায় ১১১টি আসনের বিপরীতে আবেদন করেছে চার হাজার ৯২২ জন শিক্ষার্থী।

৩ নভেম্বর ‘এফ ১-৩’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) নয়টি বিভাগের ৫৪৭ আসনের বিপরীতে আবেদন করেছে ২৬ হাজার ১৪৪ জন শিক্ষার্থী।

৪ নভেম্বর সকালে মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ‘ডি ১-২’ ইউনিটের (সমাজবিজ্ঞান অনুষদ) এবং বিকালে ব্যবসায় শিক্ষা শিক্ষার্থীদের জন্য ‘ডি ৩’ ইউনিটের পরীক্ষা হবে। যোগাযোগ ও সাংবাদিকতা, অর্থনীতি, রাজনীতি বিজ্ঞানসহ সমাজবিজ্ঞান অনুষদের সাতটি বিভাগের ৮৮৩টি আসনের বিপরীতে আবেদন করেছে ৩৩ হাজার ৬৯৬ জন শিক্ষার্থী।

৫ নভেম্বর ‘ই’ ইউনিটের (আইন অনুষদে) পরীক্ষায় আইন বিভাগের ১৩০টি আসনের জন্য আবেদন করেছে ১৬ হাজার ৪৬১ জন শিক্ষার্থী।

এ বছর ভর্তি পরীক্ষায় দ্বিতীয় সর্বোচ্চ প্রতিযোগিতা হবে আইন অনুষদে। এ অনুষদের প্রতিটি আসনের বিপরীতে ভর্তির জন্য লড়বে ১২৭ জন শিক্ষার্থী।      

৭ নভেম্বর সকালে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য ‘সি১’ ইউনিটের (ব্যবসায় প্রশাসন অনুষদ) এবং বিকালে মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ‘সি ২-৩’  ইউনিটের পরীক্ষা হবে। ব্যবসায় প্রশাসন অনুষদের ৭৪৫টি আসনের বিপরীতে ৩২ হাজার ৫১ জন ভর্তিচ্ছু আবেদন করেছে।

বাংলা, ইংরেজি, দর্শনসহ ছয়টি বিভাগ ও একটি ইনস্টিটিউট নিয়ে গঠিত ‘বি-১ ইউনিটের’ (কলা ও মানববিদ্যা অনুষদ) পরীক্ষা হবে ৮ নভেম্বর সকালে।

৯ নভেম্বর  সকালে হবে ‘বি ২-৮’ ইউনিটের (ইসলাম শিক্ষা , চারুকলা , পালি, নাট্যকলা, সংস্কৃত ও আইআরটি বিভাগ) পরীক্ষা।

কলা ও মানববিদ্যা অনুষদের  (বি ১-৮) মোট এক হাজার ৪৪১টি আসনের বিপরীতে ৪৪ হাজার ৩০ জন আবেদন করেছে।

একই দিন বিকালে ‘এইচ’ ইউনিটের (ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স) পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে চবির ভর্তি পরীক্ষা।

নতুন চালু হওয়া এ বিভাগের ৩৭টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৯২৪ জন। প্রতিটি আসনের বিপরীতে লড়বে ২৫ জন শিক্ষার্থী।

এ বছর ৭ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হয়ে শেষ হয় ৩০ সেপ্টেম্বর।

শাটল ট্রেনের সূচিতে পরিবর্তন

ভর্তিচ্ছুদের সুবিধার্থে ১ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত পরিবর্তিত সূচিতে চলবে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন ।

নতুন সূচি অনুযায়ী, প্রতিদিন চট্টগ্রাম নগরীর বটতলী রেলস্টেশন থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অভিমুখে- সকাল ৬টা ১৫ মিনিট, সকাল সাড়ে ৭টা, সকাল সাড়ে ৮টা, দুপুর ১২ টা, বিকাল ৩টা, বিকাল ৪টায় ও রাত সাড়ে ৮টায় ট্রেন ছেড়ে যাবে। 

আবার ক্যাম্পাস থেকে চট্টগ্রাম বটতলী রেলস্টেশন অভিমুখে সকাল ৭টা ২৫ মিনিট, সকাল ৯টা, বেলা ১টা ০৫ মিনিট, বেলা দেড়টায়, বিকাল ৪টা ৫০ মিনিট, বিকাল সাড়ে ৫টা ও রাত ৯টা ৪০ মিনিটে ট্রেন ছেড়ে যাবে।

এছাড়া একজোড়া ডেমু ট্রেন সকাল সাড়ে ৯টায় বটতলী স্টেশন থেকে ক্যাম্পাসের উদ্দেশে এবং বেলা ১১টায় ক্যাম্পাস থেকে নগরীর উদ্দেশে ছেড়ে যাবে।