চবির ভর্তি পরীক্ষায় শাটল ট্রেনের সূচি পাল্টাল
ভর্তিচ্ছুদের বন্দরনগরী থেকে ক্যাম্পাসে যাতায়াতের সুবিধার্থে পরীক্ষা চলাকালীন শাটল ট্রেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
১ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত পরিবর্তিত সূচিতে শাটল ট্রেন চলবে বলে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নতুন সূচি অনুযায়ী, প্রতিদিন নগরীর বটতলী রেলস্টেশন থেকে সকাল ৬টা ১৫ মিনিট, সকাল সাড়ে ৭টা, সকাল সাড়ে ৮টা, দুপুর ১২টা, বিকাল ৩টা, বিকাল ৪টা ও রাত সাড়ে ৮টায় ক্যাম্পাসের দিকে ট্রেন ছেড়ে যাবে।
ক্যাম্পাস থেকে সকাল সাতটা ২৫ মিনিট, সকাল ৯টায়, বেলা ১টা ০৫ মিনিট, বেলা দেড়টা, বিকাল ৪টা ৫০ মিনিট, বিকাল সাড়ে ৫টায় ও রাত ৯টা ৪০ মিনিটে চট্টগ্রাম নগরীর বটতলী রেলস্টেশনের দিকে ট্রেন ছাড়বে।
এছাড়া এক জোড়া ডেমু ট্রেন সকাল সাড়ে ৯টায় বটতলী স্টেশন থেকে ক্যাম্পাসের উদ্দেশে এবং বেলা ১১টায় আবার ক্যাম্পাস থেকে নগরীর উদ্দেশে ছেড়ে যাবে।
ভর্তি পরীক্ষা শেষ হলে আবারও আগের সময়সূচি অনুসরণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এতে বলা হয়, “দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভর্তিচ্ছুদের চলাচলের সুবিধার্থে সময়সূচির এ পরিবর্তন করা হয়েছে।”
১ নভেম্বর ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা, যা শেষ হবে ৯ নভেম্বর।
এবছর বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের মোট চার হাজার ৬৫৩টি আসনের বিপরীতে দুই লাখ ১১ হাজার ৯৫২ আবেদন জমা পড়েছে।
