সীতাকুণ্ডে তেলের ট্যাংক পরিষ্কারে নেমে শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে তেল পরিবহনকারী লরির ট্যাংক পরিষ্কার করতে নেমে মারা গেছেন এক শ্রমিক। পুলিশের ধারণা, ট্যাংকে জমা বিষাক্ত গ্যাসে তার মৃত্যু হয়েছে।
শনিবার মধ্যরাতে ওই ঘটনায় ডিপোর মালিক মো. আলমের ছোটভাই আনিসও (৩৫) অসুস্থ হয়েছেন বলে সীতাকুণ্ড থানার এসআই মো. সাইফুল্লাহ জানিয়েছেন। ।
তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত সুমনের (৩৫) বাড়ি উপজেলার ভাটিয়ারি এলাকায়।
এসআই সাইফুল্লাহ জানান, রাতে সুমন ও আনিস লরির ট্যাংকে ভেতরে নামার কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন।
“ডিপোর অন্য শ্রমিকরা দুজনকে হাসপাতালে নিলেও চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।”
শ্রমিকদের বরাত দিয়ে হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ হামিদ বলেন, “মনে হচ্ছে তেলের ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে সুমনের মৃত্যু হয়েছে।”
