শাহ আমানতের কার্গো শাখা থেকে ১০ লাখ টাকা ‘খোয়া’
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো শাখা থেকে সোয়া ১০ লাখ টাকা চুরি হয়েছে বলে দাবি করা হয়েছে।
বিমানবন্দরের কার্গো ম্যানেজারের কক্ষের আলমারি থেকে এসব টাকা খোয়া যায় বলে শনিবার সকালে পুলিশকে জানানো হয়।
পতেঙ্গা থানার ওসি আলমগীর হোসেন বলেন, “সকালে কার্গো শাখার ম্যানেজারের সহকারী মো. শরিফ অফিসে এসে কক্ষের আলমারি ভাঙা দেখতে পান এবং পরে আলমারির ভেতরে থাকা ১০ লাখ ২০ হাজার টাকা খোয়া যাওয়ার বিষয়টি বুঝতে পারেন।”
এ ঘটনা জানাজানির পর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জানান তিনি।
ওসি আলমগীর বলেন, বিমানবন্দরে কার্গোর পরিবহনের মাধ্যমে আয়ের অর্থ প্রতিদিনই ব্যাংকে জমা দেওয়া হয়।
“বুধবার অনেক বেশি রাত হওয়ায় টাকা জমা দেওয়া যায়নি। পরে বৃহস্পতি ও শুক্রবার বন্ধ থাকার পর শনিবার অফিস খুলে এ অর্থ খোয়া যাওয়ার বিষয়টি নজরে আসে বলে কর্মকর্তারা জানিয়েছেন।”
শনিবার রাত ১১টা পর্যন্ত এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি বলে ওসি জানান।
তবে নগর গোয়েন্দা পুলিশের বন্দর জোনের সহকারী কমিশনার এবিএম ফয়জুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিরাপত্তা এলাকার মধ্যে টাকা খোয়া যাওয়া অথবা চুরির বিষয়টি বিশ্বাসযোগ্য নয়। এটি সাজানো কি না তাও আমরা খতিয়ে দেখছি।”
এ বিষয়ে বক্তব্যের জন্য বিমানবন্দর ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
