চট্টগ্রামে তাজিয়া মিছিলে ঢাকায় হামলার প্রতিবাদ
পুরান ঢাকার ইমামবাড়ায় শিয়াদের সমাবেশে বোমা হামলার পর চট্টগ্রামে আশুরার কয়েকটি তাজিয়া মিছিল প্রতিবাদ মিছিলে রূপ নিয়েছে।
শনিবার দিনের বিভিন্ন সময় নগরীর বিভিন্ন প্রান্ত থেকে বের হওয়া একাধিক মার্সিয়া জুলুসের সুর ছিল একই। এসব তাজিয়া মিছিল থেকে ঢাকায় হামলার প্রতিবাদ জানানো হয়।
হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানিয়েছেন মিছিলে অংশগ্রহণকারীরা।
প্রতিবাদের পাশাপাশি কারবালার প্রান্তরে ইমাম হোসাইন ও তার সঙ্গীদের হত্যাকাণ্ডের স্মরণে চিরাচরিত ‘হায় হোসাইন’ ধ্বনিও শোনা যায় মিছিলকারীদের কণ্ঠে।
সকাল ৯টার দিকে নগরীর হালিশহর হুসাইনিয়া ইমামবাড়া থেকে বের হয় মার্সিয়া জুলুস।
জুলুসে নেতৃত্ব দেওয়া হোসাইনিয়া ইমামবাড়ার পেশ ইমাম মাওলানা আমজাদ হোসাইন মিছিলের আগে সমাবেশে বলেন, “ইমাম হোসাইনের (আ.) শাহাদাতের দিনটি আমাদের কাছে বড় শোকের দিন। এই দিনে ঢাকায় যে হামলা হল তা ন্যক্কারজনক।
“এরকম হামলায় আমরা মর্মাহত। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।”
মিছিলটি নগরীর নিউমার্কেট মোড় হয়ে কোতোয়ালি মোড় ঘুরে আবার সদরঘাট এলাকায় এসে শেষ হয়।
ইমাম হোসাইনের শাহাদাতের বহুমাত্রিক শিক্ষা তুলে ধরে প্রকাশিত প্রচারপত্র মিছিল থেকে পথচারীদের মাঝে বিলি করে শিয়া ইয়ুথ অ্যাসোসিয়েশন।
দুপুরে নগরীর বাকলিয়া থেকে এবং বিকালে আমবাগান এলাকা থেকে পৃথক তাজিয়া মিছিল বের হয়।
এসব মিছিল থেকেও ‘হায় হোসাইন’, ‘হায় হোসাইন’ ধ্বনি তুলে মাতম করা হয়। এসব মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
