চট্টগ্রামে কার্টন তৈরির কারখানায় আগুন
চট্টগ্রামের হালিশহর এলাকায় পুড়ে গেছে একটি কার্টন তৈরির কারখানা। তবে আগুনে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রাজ্জাক জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হালিশহরের মধ্যম রামপুরা এলাকার ফকির গলিতে এঅ্যান্ডজি পেপার অ্যান্ড পোলট্রি নামের কার্টন তৈরির কারখানায় আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি গিয়ে বেলা পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন নিয়ন্ত্রণের আগেই টিনশেড ওই কারখানার বিভিন্ন মালামাল ও যন্ত্রাংশ পুড়ে যায় বলে জানান অগ্নিনির্বাপক কর্মকর্তা রাজ্জাক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।
ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপণ করা যায়নি।
