২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন দাবিতে চট্টগ্রামে সড়কে পোশাককর্মীরা

চট্টগ্রামে আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকায় বকেয়া বেতনের দাবিতে আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2015, 05:33 PM

Updated : 22 Aug 2022, 01:34 PM

মঙ্গলবার বেলা দেড়টার দিকে মাসকান জিন্স ফ্যাশনের শ্রমিকরা উত্তর কাট্টলীর ঈষান মহাজন সড়কে নেমে আসে।

শিল্প পুলিশের ওসি (গোয়েন্দা) আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই গার্মেন্টের শ্রমিকদের সেপ্টেম্বর মাসের বেতন বকেয়া ছিল।

“আজ বকেয়া বেতন পরিশোধ করার কথা ছিল। বেতন না পেয়ে শ্রমিকরা রাস্তা অবরোধ করলে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।”

কারখানার মালিক ও বিজিএমইএ নেতারা গিয়ে দ্রুত বেতন পরিশোধের আশ্বাস দিলে ৪০ মিনিট পর শ্রমিকরা কাজে ফিরে যায়।

আকবর শাহ থানার এসআই জাফর ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রমিকদের বিক্ষোভের কারণে প্রায় পৌনে এক ঘণ্টা সড়কে গাড়ি চলাচল ব্যাহত হয়।