২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলী নদীতে দশ জাহাজকে জরিমানা

বন্দর চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সনদ ও নিরাপত্তা সরঞ্জাম না থাকায় কর্ণফুলী নদীতে থাকা ১০টি লাইটার জাহাজ ও অয়েল ট্যাংকারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2015, 06:10 PM

Updated : 22 Aug 2022, 01:33 PM

সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অথরাইজড অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম।

হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইনল্যান্ড শিপিং অর্ডিন্যান্স ১৯৭৬ (সংশোধিত ২০০৫) এর অধীনে চ্যানেলে জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, সনদ ও নিরাপত্তা সরঞ্জাম না থাকা এবং অতিরিক্ত পণ্য বহনের দায়ে ১০ জাহাজকে মোট তিন লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

এর মধ্যে এমভি বিউটি অব মুলাদি-১ এবং এমভি সুমাইয়া সাজিদকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয় বলে জানান ম্যাজিস্ট্রেট।

এছাড়া এমভি টাইগার অব ইস্ট বেঙ্গল ও এমভি এস এ বাসারকে ৪০ হাজার টাকা করে এবং এমভি রাইয়ান এক্সপ্রেস, এমভি সিলভি, এমভি জাহিন রিফাত ও ওটি রাঈন-১ কে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এমভি সাইফুর রহমানকে ২০ হাজার টাকা ও এমভি টিএল এন-২৭ কে ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলেও জানান তিনি।  

অভিযানে সহায়তা করে বন্দর কর্তৃপক্ষের নিজস্ব আনসার বাহিনীর সদস্যরা।

এদিকে বন্দরের জেটিতে রোববার অনুপ্রবেশ করা মো. জসিম নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ওই ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাশেম জানান, চিটাগাং পোর্ট অথরিটি রেগুলেশনস ফর ওয়ার্কি অব চিটাগাং পোর্ট ২০০১ এর ৮৩(২) ধারা অনুসারে এ সাজা দেওয়া হয়।