২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুটি ভোজ্য তেল বিক্রয় প্রতিষ্ঠানকে জরিমানা

খোলা সয়াবিন তেল বোতলজাত করায় এবং নোংরা পরিবেশে সয়াবিন তেল প্যাকেজিংয়ের অপরাধে চট্টগ্রামে দুটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2015, 07:31 PM

Updated : 25 Apr 2022, 02:00 PM

প্রতিষ্ঠান দুটি হল- নগরীর উত্তর পতেঙ্গার হাদিপাড়ার ‘রাজ মহল’ এবং হালিশহর এলাকার এএএস করপোরেশন।

রোববার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামসুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

শামসুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারা ও বিএসটিআই আইন ১৯৮৫ এর ২৪ ধারা অনুসারে নগরীর উত্তর পতেঙ্গা ও হালিশহর এলাকার দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।”

এর মধ্যে হাদিপাড়ার ‘রাজ মহলে’ নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সয়াবিন বোতলজাত করা হচ্ছিল।

শামসুজ্জামান বলেন, “কোনো সদুত্তর দিতে না পারায় মালিক রাসেল খানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

হালিশহর এলাকার এএএস করপোরেশনে গিয়ে খোলা সয়াবিন তেল কিনে তা বোতলজাত করার প্রমাণ পায় আদালত।

ম্যাজিস্ট্রেট বলেন, “বিএসটিআইকে না জানিয়ে কারখানার অবস্থান পরিবর্তন এবং নিম্নমানের সয়াবিন ও সরিষার তেল বাজারজাত করার অপরাধে মালিক ‍হুমায়ুন কবিরকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

র‌্যাব-৭ এর সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে অভিযানে সহযোগিতা করে।