নীলাচলের ‘গানওলা’
শৈশবে হাতুড়ে ডাক্তারের ভুলে গেছে দৃষ্টিশক্তি, রাক্ষুসে শঙ্খের পেটে গেছে ঘর; তবু ‘গাইতে পারার আনন্দে’ জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন ‘নীলাচলের গানওলা’ অন্ন দাশ।
বান্দরবানে বেড়াতে এসে নিসর্গের রূপ দেখতে পর্যটন কেন্দ্র নীলাচলে উঠতে গেলে সিঁড়িতেই অন্ন দাশের দেখা মিলবে। গলায় ঝোলানো ঢোল বাজিয়ে মাথা একদিকে কাত করে তিনি গেয়ে চলেছেন গান।
“গ্রাম ছড়ি শহরত গিইও/মরিয়মের কথা লই
গারমেন্টসত চওরি কর/আঁরে চাইও ভুলি যাইবাগই”
৪৫ বছর বয়সী অন্ন দাশের সর্বাঙ্গে দারিদ্রের ছাপ স্পষ্ট। তার কণ্ঠের ঐশ্বর্যে মুগ্ধ হয়ে নীলাচলে আসা পর্যটকরা যে যা দেন, তাতেই চলে পাঁচজনের সংসার।
পর্যটকরা আসেন, দেখেন, দুই চোখে মুগ্ধতা নিয়ে চলে যান। তবে পর্যটন কেন্দ্রের কর্মী, চা দোকানি আর পর্যটকদের নিয়ে আসা অটোচালকদের সঙ্গে প্রতিদিনই অন্ন দাশের কথা হয়। তারাই তার গানের সবচেয়ে বড় ভক্ত, পৃষ্ঠপোষকও বটে।
“ও বাই সিনজিওলা, চা-ওলা/আর খত কষ্ট করিবা
বউরে সুখ দিও, পোয়ার মুখত হাসি দিও
দুনিয়াত তো আর বেশিদিন ন থাকিবা”
সাতকানিয়া উপজেলার ধর্মপুরের জীবন দাশের ছেলে অন্ন। নুন আনতে পান্তা ফুরায় সংসারে ছেলের চোখে অসুখ করলে বড় ডাক্তারের কাছে যাওয়ার সামর্থ্য জীবনের ছিল না। তাই এলাকার এক হাতুড়ে ডাক্তারের ‘চিকিৎসায়’ সাত বছর বসয়েই অন্তের চোখ যায়।
পূর্বপুরুষের জীবিকা ছিল শঙ্খ নদীতে মাছ শিকার। অন্ধ অন্ন দাশের ওপথে যাওয়ার সুযোগ ছিল না। ছোটবেলা থেকেই কণ্ঠে গান খেলত, সেই গানেই হল তার অন্নের সংস্থান।
তিন ছেলের মধ্যে কারও বয়স কৈশোর পেরোয়নি। সবার ছোট সাত বছর বয়সী পলাশ বাবার সঙ্গেই থাকে। অন্ন দাশের কণ্ঠে গান শুনে ছেলের হাতেই পাঁচ-দশ টাকা করে দিয়ে যান পর্যটকরা।
অন্ন দাশ জানান, প্রতিদিন সাতকানিয়া থেকে ২২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নীলাচলে আসেন তিনি। অটো চালকরা সবাই চেনা; তাই সমস্যা হয় না।
সারাদিন গান করে কোনোদিন ৫০০ টাকাও পান; আবার কোনোদিন তাকে ফিরতে হয় খালি হাতে। পর্যটকদের আনাগোনা কমে গেলে অন্ন দাশ চলে যান আশেপাশের বিভিন্ন হাট-বাজারে; গত ২০ বছর ধরে এভাবেই চলছে।
১৫ বছর আগে ধার-দেনা করে দুই হাজার টাকায় কেনা ঢোলটি যেন অন্ন দাশের সন্তানসম। গত অগাস্টে টানা বর্ষণে শঙ্খ নদীর ভাঙনে ঘর বিলীন হওয়ার পর সেই ঢোলই তার একমাত্র সম্বল।
নীলাচল পর্যটন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মহাদেব তঞ্চঙ্গ্যা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পর্যটন কেন্দ্রের শুরু থেকেই এখানে গান করে যাচ্ছেন অন্ন দাশ। অটোরিকশা চালক থেকে শুরু করে স্থানীয় সবাই তার গানের মুগ্ধ শ্রোতা।
নদীর ভাঙনে মাথা গোজার ঠাঁই হারানোর পর স্থানীয় অনেকের কাছেই অন্ন দাশ সাহায্য চেয়েছেন, কিন্তু লাভ হয়নি। এ নিয়ে তার আক্ষেপ নেই, অভিযোগ নেই কারও বিরুদ্ধে।
কণ্ঠ থেকে ঈশ্বর যেন গান কেড়ে না নেন, কেবল এটুকুই তার প্রার্থনা।
“আঁই যে গরিব, ইয়েন লই আঁর কোনো নালিশ নাই। আঁই যেন সারাজীবন গান গাইবার শক্তি ফাই, চাওয়া অইলদি ইয়েন।”
