২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়োগ দুর্নীতি: চমেকের ৯ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

কর্মচারী নিয়োগে দুর্নীতির প্রমাণ মেলায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নয়জন চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2015, 12:36 PM

Updated : 22 Aug 2022, 01:31 PM

বৃহস্পতিবার সকালে কমিশনের ঢাকার উপ-পরিচালক একেএম মেজবাহ উদ্দিন চট্টগ্রামের পাঁচলাইশ থানায় এই মামলা করেন বলে ওসি মহিউদ্দিন মাহমুদ জানিয়েছেন।

অভিযুক্তরা হলেন- হাসপাতালের উপ-পরিচালক (স্বাস্থ্য) কাজী শফিকুল ইসলাম, সহকারী পরিচালক (হাসপাতাল) খোরশেদ শিরীন, মেডিসিন বিভাগের আবাসিক চিকিৎসক মোমেন সরকার, গাইনি বর্হিবিভাগের আবাসিক সার্জন কামরুন নেসা বেগম, শিশু বর্হিবিভাগের মো. গিয়াস উদ্দিন, রেডিওথেরাপির মো. আলী আসগর চৌধুরী, জ্যেষ্ঠ স্টোর অফিসার শেখ মো. জামাল মোস্তফা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার দেবাশীষ দত্ত ও মেডিকেল অফিসার (স্টোর) নাজমুল আখতার।

অভিযুক্তরা সবাই ২০১২ সালে হাসপাতালে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ মূল্যায়ন কমিটির সদস্য ছিলেন।

মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে নিজেদের মধ্যে যোগসাজশে ওই নিয়োগের ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেওয়ার অভিযোগ করা হয়েছে বলে জানান ওসি মহিউদ্দিন।