চবিতে ক্ষতিগ্রস্ত হল মেরামতে বরাদ্দ
সংঘর্ষে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ এফ রহমান হলের সংস্কার কাজের জন্য দুই লাখ ৩৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার বরাদ্দের চেকটি হাতে পেয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান হলের প্রাধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম।
প্রাধ্যক্ষ মনিরুল বলেন, “বরাদ্দের অর্থ দিয়ে সংঘর্ষের সময় ভেঙ্গে যাওয়া হলের ৩২০টি কাঁচ ও দুটি কলাপাসিবল গেইট নতুন লাগানো হবে।”
বরাদ্দের টাকা উদ্বৃত্ত থাকলে হলের আরো চারটি গেইট সংস্কার করার ইচ্ছা আছে বলেও জানান তিনি।
গত ২২ মে চবি’র এ এফ রহমান ও আলাওল হলে ‘আধিপত্য’ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগ ও ছাত্রশিবির কর্মীরা। এসময় এ এফ রহমান হলের প্রভোস্ট কক্ষসহ ১৫৩টি কক্ষ এবং আলাওল হলের ৩০টি কক্ষ ভাংচুর চালায় তারা।
