২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাকলিয়ায় পলাতক আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রামের বাকলিয়ায় পৃথক অভিযানে পলাতক আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 03:28 PM

Updated : 22 Aug 2022, 01:30 PM

মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত এসব অভিযান চালানো হয় বলে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সওদাগর কলোনি থেকে হত্যা, মাদকসহ ১১ মামলার পলাতক আসামি মো. সোবহান (২৬) এবং সোলায়মান কলোনির তক্তারপুল এলাকা থেকে ৭৫০টি ইয়াবাসহ বিলকিস আক্তারকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

একই এলাকা থেকে সোবহানের ভাই আবদুল করিমকেও গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে ‍ওসি বলেন, “সোবহান, বিলকিস ও করিম বাকলিয়া এলাকায় মাদক ব্যবসায় যুক্ত।”

আরেক অভিযানে মাদক মামলার পলাতক আসামি নেজাম উদ্দিন (৩২) ও মো. নয়ন (১৮) নামে এক বাইসাইকেল চোরকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

এছাড়া একই এলাকার বাকলিয়ার মান্নান টাওয়ারের কাছ থেকে ৩০ লিটার চোলাই মদসহ জানে আলম (২৫) ও মো. আজিম (২৪) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে ওসি মহসিন জানান।

অন্য এক অভিযানে শাহ আমানত সেতু এলাকায় কক্সবাজার থেকে আসা শ্যামলী পরিবহনের বাস থেকে ৯৪০ পিস ইয়াবাসহ মিজানুর রহমান (৩৬) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।