মাছ ধরার ট্রলারে ৭ লাখ ইয়াবা
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে মাছ ধরার একটি ট্রলারে প্রায় ৭ লাখ ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে।
বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ট্রলার থেকে দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তারা বলছেন, কক্সবাজার সংলগ্ন সাগরে অন্য একটি ট্রলার থেকে নিষিদ্ধ ট্যাবলেটের প্যাকেটগুলো তোলা হয়েছিল।
ইয়াবার এই চালানের গন্তব্য ছিল ঢাকা, বলছেন মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা।
অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের পরিদর্শক তপন কান্তি শর্মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোয়েন্দা সূত্রে একটি চালান আসার খবর পেয়ে বেলা ১২টার দিকে ‘এফভি মালেক শাহ’ নামের ট্রলারটি আটক করা হয়।
ট্রলারের সব আরোহীকে প্রথমে আটক করা হলেও জিজ্ঞাসাবাদের পর তাদের মধ্য থেকে মো. আবুল কালাম (৩০) ও ফরিদুল আলম (৪০) নামে দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
কালামের বাড়ি আনোয়ারা উপজেলার রায়পুরে এবং ফরিদ একই উপজেলার গহিরার বাসিন্দা।
পরিদর্শক তপন বলেন, “ট্রলারে থাকা অন্যরা শ্রমিক। এই ঘটনায় তাদের সম্পৃক্ততা না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।”
দুপুরে ট্রলারটি আটকের সময় একটি বস্তার ভেতর ছোট ছোট প্যাকেটে রাখা ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। পরে তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের কার্যালয়ে এনে গণনা করা হয়।
তিনি বলেন, “সমুদ্র পথে ইয়াবার একটি বড় চালান চট্টগ্রাম হয়ে ঢাকার দিকে যেতে পারে এমন তথ্যের ভিত্তিতে অধিদপ্তরের একটি দল কোস্টগার্ডের সহযোগিতায় বহির্নোঙ্গরে অভিযানে যায়। বেলা ১১টার দিকে ট্রলারটি বহির্নোঙ্গরে অতিক্রম করার সময় ধাওয়া দিয়ে আটক করা হয়।”
সংবাদ সম্মেলনে কোস্ট গার্ড পূর্ব জোনের কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান উপস্থিত ছিলেন।
আসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই ইয়াবা মিয়ানমার থেকে আনা হচ্ছিল।
“জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, কক্সবাজারের দক্ষিণে নামা নামে একটি জায়গায় অন্য একটি ট্রলার থেকে এই আটক ট্রলারে ইয়বাগুলো দেওয়া হয়েছে।”
