সহিংসতা রুখতে চট্টগ্রামে মাসব্যাপী প্রচারাভিযান
রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে জনগণের মধ্যে সচেতনতা তৈরি ও তাদের সংগঠিত করতে প্রচারাভিযানে নামছে চট্টগ্রামের বিভিন্ন পেশাজীবীরা।
বশুক্রবার ‘জাতীয় সামাজিক সম্প্রীতি’ ব্যানারে সংবাদ সম্মেলনে ‘সহিংসতা রুখবো, শান্তির দেশ গড়বো’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান চট্টগ্রাম পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম।
তিনি বলেন, গোটা জাতি দীর্ঘদিন ধরে রাজনৈতিক সহিংসতার চক্রে পড়ে কুঁকড়ে যাচ্ছে। মানুষ নিশ্চয়তা পেতে চায়। একমাত্র শুভ বুদ্ধিসম্পন্ন রাজনৈতিক শক্তিই পারে অশুভর হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে।
“রাজনৈতিক নেতারা যদি নিজেরা প্রতিজ্ঞাবদ্ধ হন যে তাদের দল ও সমর্থকরা কোনো সহিংস আচরণ করবে না তাহলেই রাজনৈতিক সহিংসতা বন্ধ করা সম্ভব।”
সহিংসতা ও আইনবর্হিভূত কাজে কেউ অভিযুক্ত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নাগরিক মতামতকে অগ্রাধিকার দেওয়ার উপর জোর দেন সিরাজুল।
ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট চট্টগ্রামের সাবেক সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, দেশে সম্পদ অর্জনের অশ্লীল ও অনৈতিক এক প্রতিযোগিতা চলছে। এজন্য প্রয়োজন হয়ে পড়ে প্রভাব বিস্তার ও ক্ষমতা অর্জন।”
আর তাই জনগণের মুখাপেক্ষী হওয়ার চেয়ে জনগণকে দাবিয়ে রাখার প্রবণতাই অনুশীলিত হচ্ছে, রাজনৈতিক সহিংসতার প্রবণতা বাড়ছে বলেও দাবি করেন তিনি।
সব ধরণের সহিংসতার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এ প্রক্রিয়া আত্মঘাতী হয়ে দেখা দিতে পারে বলেও মত দেন তিনি।
সংবাদ সম্মেলনে উন্নয়ন সংস্থা ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান, ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু এবং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন বক্তব্য রাখেন।
মাসব্যাপী কমসূচির অংশ হিসেবে ১৬টি এনজিও দেশের বিভিন্নস্থানে প্রচারভিযানে অংশ নেবে। পাশাপাশি চলবে স্বাক্ষর সংগ্রহ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি।
