চট্টগ্রামে ২০টি অবৈধ দোকান উচ্ছেদ
চট্টগ্রাম নগরীর সদরঘাট ও ফিরিঙ্গি বাজার এলাকায় অভিযান চালিয়ে বন্দরের জমি থেকে ২০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অথরাইজড অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম।
আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদরঘাট ক্যাপিটাল ড্রেজিং এলাকা ও ফিরিঙ্গি বাজার ব্রিজঘাট এলাকা থেকে মোট ২০টি টিনের তৈরি ছোট দোকান ও ঝুপড়ি উচ্ছেদ করা হয়েছে।
“এছাড়া ব্রিজঘাট এলাকায় দীর্ঘদিন ধরে সড়কে রেখে বাঁশের ব্যবসা করায় সৈয়দ আহমদকে ২০ ও সুলতান নামের একজনকে ১৫ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
অভিযানের আগে ওই এলাকায় মাইকিং করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাশেম।
অভিযান চলাকালে বন্দরের ডেপুটি ম্যানেজার (এস্টেট) জিল্লুর রহমান ও ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক প্রকৌশলী সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
অভিযানে পুলিশ ও চট্টগ্রাম বন্দরের নিজস্ব আনসার বাহিনী সহায়তা করে।
