চট্টগ্রামে ফিটনেসবিহীন বাসের জরিমানা, এক বাস জব্দ
চট্টগ্রামের সড়কে লাইসেন্স ও ফিটনেস ছাড়া চলাচলের অভিযোগে কয়েকটি বাসকে জরিমানা ও একটি বাস জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার নগরীর ওয়াসা মোড়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুর এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ম্যাজিস্ট্রেট মনসুর জানান, লাইসেন্স, ফিটনেস, রুট পারমিট ও বীমা না থাকায় একটি বাসকে সাড়ে চার হাজার টাকা জরিমানা করার পাশাপাশি জব্দ করা হয়।
এছাড়া লাইসেন্স না থাকায় দুটি বাসকে ৫০০ টাকা করে মোট এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চট্টগ্রাম নগরীতে ফিটনেস ও লাইন্সেস ছাড়া যানবাহনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
অভিযানে সময় বাসে সরকার নির্ধারিত নতুন ভাড়ার তালিকা টাঙ্গিয়ে দেওয়া হচ্ছে
নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে আট ফার্মেসিকে জরিমানা
জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যামাণ আদালতের আরেকটি দল নিষিদ্ধ ওষুধ বিক্রি করার দায়ে নগরীর আট ফার্মেসিকে সাড়ে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার নগরীর লয়েল রোড, জামালখান, মোমিন রোড, দামপাড়া ও মেহেদীবাগ এলাকায় পরিচালতি এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন নেতৃত্ব দেন।
এ অভিযানে চট্টগ্রাম ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক কে এম মুহসীনিন মাহবুব উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।
ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিক্রয় নিষিদ্ধ টেস্টি স্যালাইন, ভারতীয় ওষুধ, ফুড সাপ্লিমেন্ট ও ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যাওয়ায় আট ফার্মেসিকে ওই সাড়ে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে মেহেদীবাগ এলাকার মেসার্স মেডিকেয়ার ফার্মেসিকে ১৫ হাজার টাকা, এম ড্রাগ হাউজকে পাঁচ হাজার টাকা ও মেসার্স কিউ পি এস ফার্মেসিকে দুই হাজার টাকা, মোমিন রোডের মেসার্স ফার্মেডিককে আট হাজার টাকা ও মেসার্স শিবলি ফার্মেসিতে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া দামপাড়া এলাকার সেবা ফার্মেসিকে পাঁচ হাজার টাকা, জামালখান এলাকা মেসার্স জামালখান ফার্মেসিকে ৫০০ টাকা এবং লয়েল রোড এলাকার কম্বাইন্ড ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
