২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার বের করায় ঘটনায় মামলা

জালিয়াতি করে ১৪ কন্টেইনার পণ্য চট্টগ্রাম বন্দর থেকে বের করে নিয়ে যাওয়ার ঘটনায় মামলা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2015, 12:17 AM

Updated : 25 Apr 2022, 01:56 PM

বুধবার চট্টগ্রাম কাস্টমসের নিলাম শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা মোহসিন আলী বাদি হয়ে হালিশহর থানায় মামলাটি করেন।

হালিশহর থানার ওসি সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।”

কাস্টমস আইন ও ফৌজদারি দণ্ডবিধিতে মামলাটি করা হয়েছে বলে জানান তিনি।

মামলায় মোশাররফ হোসেন মাসুম, মো. দেলোয়ার, খলিলুর রহমান ও সাইফুল হায়দারকে আসামি করা হয়েছে। এদের মধ্যে মাসুমকে মঙ্গলবার সন্ধ্যায় আটক করে পুলিশ এবং দেলোয়ার নিলাম ক্রেতা সাইফুলের কাছ থেকে কন্টেইনারগুলো কিনেছিলেন।

মঙ্গলবার হালিশহর থানার নতুন বিশ্বরোডের হাক্কানি পেট্রোল পাম্পের পাশের ময়নামতি মেরিন নামের একটি বেসরকারি কন্টেইনার ডিপো থেকে গ্লিসারিনভর্তি ওই ১৪টি কন্টেইনার উদ্ধার করে কাস্টমস কতৃপক্ষ।

সম্প্রতি চট্টগ্রাম বন্দরের কাস্টমস অকশান শেডে রাখা কন্টেইনারগুলো ৭০ লাখ টাকায় নিলামে কেনেন সাইফুল হায়দার চৌধুরী নামে এক ব্যক্তি।

পরবর্তীতে টাকা জমা না দিয়ে জাল দলিলপত্র দেখিয়ে এসব পণ্য ছাড়িয়ে নিয়ে যায় গ্রেপ্তার মাসুম। গত ২২ সেপ্টেম্বর এ জালিয়াতির ঘটনা ধরা পড়ে।

নিলাম করা এসব পণ্য বন্দর থেকে বের হবার পর দেলোয়ার এসব কিনে হালিশহরের ওই বেসরকারি ডিপোটিতে রাখেন।

এদিকে বেসরকারি ডিপোতে অবৈধভাবে নিয়ে যাওয়া এসব কন্টেইনার আবারো বন্দরের কাস্টমস অকশান শেডে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্মকর্তারা।

২০১৩ সালে কন্টেইনার ভর্তি এসব গ্লিসারিন চট্টগ্রাম বন্দরে আসে। প্রথমবার একবার নিলাম হলেও তা কেউ নেয়নি। সম্প্রতি দ্বিতীয়বার হওয়া নিলামে সাইফুল হায়দার এসব পণ্য কেনেন।