চট্টগ্রামে বিএম ডিপোতে অবরোধ: ছাত্রলীগ-যুবলীগের ৫ জন আটক
চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কন্টেইনার ডিপোতে অবরোধের ঘটনায় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
চট্টগ্রাম জেলা পুলিশের এএসপি সাইফুল ইসলাম জানান, শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজিম উদ্দিন (২৯) রয়েছেন।
এছাড়া আটক মো. রাশেদ মিয়া (৩২), মো. শাহেদ (২৭), মাসুদ রানা (২৩) ও আবুল ওরফে আমীর (২৭) স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী বলে জানালেও তাদের পদ-পদবি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোন তথ্য দিতে পারেনি পুলিশ।
সীতাকুণ্ড থানার এসআই আবদুল মোত্তালিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক এই পাঁচজনসহ স্থানীয় যুবকদের একটি অংশ ‘চাঁদার দাবিতে’ ১৮ সেপ্টেম্বর বিএম কন্টেইনার ডিপোতে অবরোধ করেছিল বলে অভিযোগ করেছে ডিপো কর্তৃপক্ষ।
ওই দিন সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় ‘চাঁদার দাবিতে’ ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় নেতাকর্মীদের ‘অবরোধের’ মুখে বেসরকারি বিএম কন্টেইনার ডিপোর কার্যক্রম পাঁচ ঘণ্টা বন্ধ ছিল।
ডিপোর কর্মকর্তাদের ভাষ্য, চাঁদার দাবিতে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের প্রায় ৫০ জন নেতাকর্মী ডিপোর মূল ফটকে অবস্থান নিয়ে গাড়ি চলাচল ও পণ্য ওঠানামা বন্ধ করে দেয়।
অবশ্য চাঁদা দাবির অভিযাগ অস্বীকার করেছে ঘটনার দিন স্থানীয় এক ছাত্রলীগ নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে দাবি করেন, চাঁদা নয়, কন্টেইনার ওঠানামায় ঠিকাদারি কাজের দাবিতে তারা অবস্থান নিয়েছিলেন।
