চট্টগ্রামে আড়াইশ ঈদ জামাত
বন্দরনগরী চট্টগ্রামেও ঈদের নামাজের পর পশু কোরবানি ও বাড়ি বাড়ি বেড়িয়ে ঈদের খুশি ভাগ করে নিচ্ছে মুসলমানরা।
শুক্রবার সকাল ৮টায় নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। মসজিদের প্রধান খতিব মাওলানা জালালূদ্দিন আল কাদেরি এতে ইমামতি করেন।
চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন, জাসদের কার্যকরী সভাপতি সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদল, চট্টগ্রাম বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টির নেতা সোলায়মান আলম শেঠসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এই জামাতে অংশ নেন।
ঈদ জামাতে দেশ ও মুসলিম বিশ্বের শান্তি কামনার পাশপাশি সৌদি আরবে পদদলিত হয়ে নিহতদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়।
এবার নগরীতে মোট ২৪৭টি স্থানে ঈদ জামাত হয়েছে বলে সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান।
সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, শহরের বিভিন্ন এলাকা থেকে পশুর বর্জ্য অপসারণের জন্য দুপুরের পর থেকেই কাজ শুরু হয়েছে।
বর্জ্য জমে যেন গন্ধ ছড়াতে না পারে, সেজন্য ‘পর্যাপ্ত ব্যবস্থা’ নেওয়া হয়েছে বলেও তারা আশ্বাস দিয়েছেন।
ঈদ উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারসহ বিভিন্ন এতিমখানায় বিশেষ খাবারের আয়োজন করেছে কর্তৃপক্ষ।
