ঈদে বাড়তি আয়ের আশায় এসে লাশ হয়ে ফেরা
ঈদের সময়টাতে বাড়তি রোজগারের আশায় কুমিল্লা থেকে চট্টগ্রামে রিকশা চালাতে এসেছিলেন জয়নাল। কিন্তু এক দুর্ঘটনায় প্রাণ হারাতে হয়েছে তাকে।
প্রতিবছরই ঈদের সময়ে জয়নাল চট্টগ্রামে রিকশা চালাতে আসতেন বলে তার স্বজনরা জানিয়েছেন। মেয়ের বাড়িতে থেকে গত এক সপ্তাহ ধরে রিকশা চালাচ্ছিলেন তিনি।
বুধবার সকাল সোয়া ৯টার দিকে নগরীর দেওয়ান হাট ওভারব্রিজ পেরিয়ে মোড়ে রিকশা নিয়ে যাত্রীর অপেক্ষায় থাকা অবস্থায় কাঠগড়ামুখী নিয়ন্ত্রণহীন একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন জয়নালসহ ৯ জন।
বাসটি একটি টেম্পু, একটি রিকশা ও কয়েকজন পথচারীকে চাপা দিয়ে উল্টে যায়।
আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জয়নাল (৬৫), মিজান (২২) ও নাঈম (২২)।
জয়নালের ভাগ্নে মো. মহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার মামার আত্মসম্মানবোধ ছিল প্রবল। শেষ বয়সেও রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি।
“ঈদকে সামনে রেখে মামা কিছু বাড়তি রোজগারের আশায় সপ্তাহখানেক আগে চট্টগ্রামে এসেছিলেন। উঠেছিলেন মেয়ের বাড়িতে। ঈদের সপ্তাহখানেক পর গ্রামে ফিরে যাওয়ার কথা ছিল।”
জয়নালের দুই ছেলে ও দুই মেয়ে। ছেলেরা গ্রামে কৃষিকাজ করেন। রিকশা চালানো আয় দিয়েই বিয়ে দিয়েছেন দুই মেয়ের।
চট্টগ্রাম শহরের পশ্চিম মাদারবাড়িতে বিয়ে দিয়েছেন বড় মেয়ের। ছোট মেয়ের বিয়ে দিয়েছেন কুমিল্লার মুরাগনগর এলাকায়।
স্ত্রীকে সঙ্গে নিয়ে কুমিল্লার মুরাদনগর এলাকায় থাকতেন জয়নাল।
মাহিন বলেন, “প্রতি ঈদে চট্টগ্রামে রিকশা চালানোর জন্য আসতেন মামা। রিকশা না চালাতে সেজ মেয়ে জোসনা বারবার নিষেধ করলেও তা শোনেননি তিনি।”
