বাস না পেয়ে ফটকে তালা দিল চবি শিক্ষার্থীরা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শহরগামী বাস না ছাড়ায় ক্যাম্পাসের মূল ফটকে তালা দিয়েছে একদল শিক্ষার্থী।
মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে তালা লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার বিকাল ৩টায় একটি বাস ক্যাম্পাস থেকে শহরে যাওয়ার কথা থাকলেও যাত্রী না থাকায় বাসটি ফেরত যায়।
“বিকাল পাঁচটার দিকে ক্যাম্পাস থেকে শহরের দিকে বাস ছেড়ে না যাওয়ায় কিছু শিক্ষার্থী মূল ফটকে তালা দেয়।”
তবে ঘটনার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই পুলিশের সহায়তায় তালা খুলে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বুধবার থেকে নিয়মিতভাবে বাস চলাচল করবে বলেও আলী আজগর।
ঈদের ছুটিতে শাটল ট্রেন বন্ধ থাকায় প্রতিদিন বিকালে শিক্ষার্থীদের শহরে আসা-যাওয়ার জন্য বিশেষ বাসের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
