২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেডিকেলে ফের ভর্তি পরীক্ষার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তি পরীক্ষার ফল বাতিল করে আবার পরীক্ষা নেওয়ার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ দেখিয়েছে শিক্ষার্থীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2015, 02:18 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

মঙ্গলবার দুপুরে পরীক্ষা বাতিলের এক দফা দাবিতে শতাধিক শিক্ষার্থীর স্লোগানে উচ্চকিত হয় নগরীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা চকবাজারের গুলজার চত্ত্বর।

ব্যস্ত এই মোড়ে অবরোধের কারণে যান চলাচলে সমস্যা হলেও পুরো সড়কে অবরোধ নেই, উভয় পাশ যান চলাচলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

ঘটনাস্থলে পুলিশ সদস্যরা এলে শিক্ষার্থীরা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে সহযোগিতা করতে অনুরোধ জানান।

মিফতা উদ্দিন নামের এক আন্দোলনকারী শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে।

চকবাজার থানার ওসি মো. আজিজ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নিয়েছে। যান চলাচলে রাস্তার একটি অংশ উন্মুক্ত রাখা হয়েছে।

গত শুক্রবার সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার পর রোববার স্বাস্থ্য অধিদপ্তর ফল ঘোষণা করেছে। পরীক্ষায় অংশ নেওয়া ৮৩ হাজার শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৮ হাজার ৪৪৮ জন।

এই পরীক্ষার ‘প্রশ্নপত্র ফাঁসে’ জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তারের পর পরীক্ষা বাতিলের দাবিতে শনিবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে পরীক্ষার্থীরা। বিএনপিও পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে।

এছাড়া প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল বাতিল করে আবার পরীক্ষা নেওয়ার নির্দেশনা চেয়ে হাই কোর্টেও করা হয়। তবে সোমবার রিট আবেদনটি খারিজ করে দিয়েছে আদালত।