২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাস দমন আইনে মামলার ব্যাখ্যা দিতে পুলিশকে নির্দেশ

হিযবুত তাহরিরের সদস্য গ্রেপ্তারের পর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি না নেওয়ায় চট্টগ্রামের তিন পুলিশ সদস্যকে ব্যাখ্যা দিতে বলেছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 11:14 PM

Updated : 25 Apr 2022, 01:53 PM

রোববার চট্টগ্রামের বিচারিক হাকিম ফরিদুল আলম চকবাজার থানার ওসি আজিজ আহমেদ, তদন্ত কর্মকর্তা এসআই কামাল হোসেন ও বাদী এসআই সালাউদ্দিনকে পাঁচ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন।   

চট্টগ্রাম মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ত্রাসবিরোধী আইনে মামলা করতে সাধারণত জেলা ম্যাজিস্ট্রেটের (ডিএম) অনুমতি নিতে হয়। এর ব্যত্যয় ঘটায় আদালত তিনজনকে পাঁচদিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলেছেন।”

তবে চকবাজার থানার ওসি আজিজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়েই সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি হয়েছে। আদালতে দেওয়া নথিতে এটি সংযুক্ত না থাকায় ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে।”

গত ৯ অগাস্ট রাতে নগরীর দেবপাহাড় এলাকা থেকে সোহান ইয়ামির ইকবাল (২৯) নামে এক হিযবুত সদস্যকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ।

গত ১১ অগাস্ট সোহানকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে চাইলে আদালত কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

পিপি ফখরুদ্দীন বলেন, রোববার পুলিশ পুনরায় তার রিমান্ড আবেদন করে। আগামী ২৯ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

পুলিশের দাবি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সোহান ও তার ভাই সাফাত ইয়ামির ইকবাল চট্টগ্রামে হিযবুত তাহরির অন্যতম সংগঠক।

সাফাতও গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।