নদী ভিত্তিক তথ্য সংরক্ষণের উদ্যোগ
নদীভিত্তিক তথ্য সংরক্ষণ এবং নদীর সীমানা নির্ধারণ ও অবৈধ স্থাপনা চিহ্নিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নদী কমিশনের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম।
রোববার ‘চট্টগ্রাম জেলা নদী রক্ষা কমিটির’ সভায় তিনি এ কথা জানান।
আতাহারুল বলেন, “নদীকে বাঁচাতে যা করণীয় তা করা হবে। নদীর পাড় রক্ষায় উদ্যোগ নিতে হবে।”
নদী-খাল-জলাশয় রক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “কর্ণফুলী-হালদা-সাঙ্গু নদীর তথ্য সংরক্ষণ, বিশেষ করে নদীর সীমানা ঠিক করে তীরের অবৈধ স্থাপনা চিহ্নিত করা হবে।”
কমিটির সভাপতি চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, “ইতোমধ্যে উচ্চ আদালতের নির্দেশে কর্ণফুলী নদীর সীমানা নির্ধারণ এবং আড়াই হাজার অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে।”
এসব স্থাপনার মধ্যে সরকারি স্থাপনাও রয়েছে বলেও জানান তিনি।
এ সংক্রান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এ ব্যাপারে হাইকোর্টের নির্দেশনা পেলে অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।”
হালদা ও সাঙ্গু নদীর সীমানা নির্ধারণ এবং অবৈধ স্থাপনা চিহ্নিত করতে হবে বলেও সভায় জোর দেন নদী কমিশনের চেয়ারম্যান।
“নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিতে হবে।”
হালদা নদী দূষণ ও দখল বন্ধে দ্রুত ব্যবস্থা নিতে চট্টগ্রামের পরিবেশ অধিদপ্তরের পরিচালককে সেসময় নির্দেশ দেন তিনি।
একই সঙ্গে নদী দূষণের জন্য দায়ি প্রতিষ্ঠান চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেন কমিশন চেয়ারম্যান।
সভায় নদী কমিশনের সদস্য মো. আলাউদ্দিন, চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক মকবুল হোসেনসহ পানি উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম সিটি করপোরেশন, মৎস্য অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
