সাতকানিয়ায় ১৯ শিবিরকর্মী আটক
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইসলামী ছাত্রশিবিরের ১৯ জন কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার কেরানীহাটে ছাত্রশিবির পরিচালিত দুটি কোচিং সেন্টার ও সংগঠনের অফিস থেকে তাদেরকে আটক করা হয় বলে সাতকানিয়া থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার জানান।
“নাশকতার উদ্দেশ্যে শিবিরকর্মীরা গোপন বৈঠক করছে- এমন খবরের ভিত্তিতে সংগঠনের কার্যালয় এবং ‘পাঞ্জেরি’ ও ‘শাহজালাল’ কোচিং সেন্টারে অভিযান চালানো হয়।”
অভিযানে পোস্টার, লিফলেট, জিহাদী বই, ব্যানার উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি ফরিদ।
এছাড়া বিভিন্ন উপজেলা থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও ১১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুল হাছান।
বিভিন্ন স্থান থেকে দুই হাজার ৯১৫ ইয়াবাও উদ্ধার করা হয়, বলেন পুলিশের এই কর্মকর্তা।
