‘লালন করতে হবে মুক্তিযুদ্ধের চেতনা’
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধের চেতনায় বেড়ে ওঠা নিশ্চিত করতে হবে বলে মনে করেন লেখক ও গবেষক মুনতাসির মামুন।
শুক্রবার চট্টগ্রাম নগরীর মুসলিম হলে শিশু-কিশোরদের জাতীয় সংগঠন ‘খেলাঘর’ চট্টগ্রাম মহানগর সম্মেলন-২০১৫ এর উদ্বোধনী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে দুই দিনের এ সম্মেলন উদ্বোধন করেন গবষেক মুনতাসির মামুন।
আলোচনা অনুষ্ঠানে শৈশবের স্মৃতিচারণ করে শিশু-কিশোরদের উদ্দেশে মুনতাসির মামুন বলেন, “আমরা যখন তোমাদের বয়সী ছিলাম তখন খেলাঘরের সাথে যুক্ত হই। আজকে দেশের প্রতি যে মমত্ববোধ ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করার চেষ্টা করি সেটার প্রাথমিক ভীত তৈরি করে দিয়েছিল খেলাঘর।”
ওই সময় খেলাঘর যারা করতেন তারা এখন সমাজের বিভিন্ন স্তরে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার আলোকবর্তিকা ছড়াচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
“তাই অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে শৈশব থেকেই শিশুদের মুক্তিযুদ্ধের চেতনায় বেড়ে উঠা নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন বলেন, “ভবিষ্যত বাংলাদেশের স্বরূপ কি হবে সেটা র্নিভর করবে কোন চেতনার আলোকে আমরা আমাদের শিশুদের গড়ে তুলছি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ের শিক্ষক অধ্যাপক ড. মাহবুবুল হক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান সাগর। আলোচক ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য প্রকৌশলী দেলোয়ার মজুমদার।
খেলাঘর চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন রথীন সেন, চট্টগ্রাম উত্তর জেলা কমিটির পক্ষে খোরশেদ আলম ও দক্ষিণ জেলা কমিটির পক্ষে জসীম উদ্দিন চৌধুরী সবুজ।
আয়োজকরা জানিয়েছেন, শনিবার সম্মেলনের দ্বিতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে।
