২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাজাভোগ শেষে দেশে ফিরেছে ১৬ বাংলাদেশি

মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ১৬ বাংলাদেশি দেশে ফিরেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2015, 04:41 PM

Updated : 22 Aug 2022, 01:14 PM

বৃহস্পতিবার বেলা ১২টায় কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের ইমিগ্রেশন জেটিঘাট দিয়ে তাদের দেশে আনা হয় বলে জানান বিজিবির টেকনাফ ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আব্দুল হান্নান খান।

এর আগে সকাল ৯টায় একই ঘাট দিয়ে ওই ব্যাটালিয়নের উপপরিচালক ক্যাপ্টেন মো. আজাহারুল আলমের নেতৃত্বে ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল মিয়ানমার যায়।

প্রতিনিধি দলে আরও ছিলেন কক্সবাজার জেলা প্রশাসকের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তাফা এবং পুলিশ সুপারের পক্ষে টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন।

ক্যাপ্টেন মো. আজাহারুল আলম জানান, সৌহার্দ্যপূর্ণ পতাকা বৈঠকের পর ১৬ বাংলাদেশিকে নিয়ে আসা হয়।

ফেরত আসা ১৬ বাংলাদেশি হলেন টেকনাফ উপজেলার উনচিপ্রাং এলাকার আবদুর রহমানের ছেলে আলি আহমদ, সৈয়দুল হকের ছেলে নূর কবির, সার মোল্লার ছেলে বাশাত করিম, লম্বা বিলের জানে আলমের ছেলে আমির হোসেন, শাহপরীর দ্বীপের রশিদ ইসলামের ছেলে এরশাদ উল্লাহ, সৈয়দ উল্লাহ, জামাল উদ্দিনের ছেলে নুরুল ইসলাম, সৈয়দ হোসেনের ছেলে মো. আবদুল্লাহ, রুহুল্লার দাবার ফজল আহমদের ছেলে মো. আলম, আলতাফ হোসেনের ছেলে জাগির হোসেন, টেকনাফ সদরের গোদার বিলের সৈয়দ আলমের ছেলে মো. আয়াজ, সাবরাং নয়াপাড়ার লাল মোহাম্মদের ছেলে জাগির হোসেন, সাবরাং দক্ষিণ পাড়ার মমতাজের ছেলে হাসিম উল্লাহ,  উখিয়ার সোনারপাড়ার আলি আহমদের ছেলে নুরুল আলম, মরিচা এলাকার মৃত গোলাম নবীর ছেলে এনায়েত উল্লাহ এবং চকরিয়া উপজেলার আকিয়ামনি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মায়রখান মিরহান।

ফিরে আসা সবাইকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানান টেকনাফ থানার ওসি আতাউর রহমান খোন্দাকার।