২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

স্ত্রীকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যার দায়ে চট্টগ্রামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2015, 02:11 PM

Updated : 22 Aug 2022, 01:14 PM

বুধবার চট্টগ্রাম জেলার অতিক্তি দায়রা জজ-২ (ভারপ্রাপ্ত) মো. সিরাজুদ্দৌলাহ কুতুবী এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আশ্রাফ আলী (৩৫) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের রূপনগর এলাকার আবদুর রহমানের ছেলে। মামলার শুরু থেকেই তিনি পলাতক।

এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি শওকত হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্ত্রীকে খুন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক ফাঁসির রায় দিয়েছেন।”

সেইসঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে বলে জানান তিনি।

মামলার বিবরণে জানা যায়, বিয়ের পর থেকেই স্ত্রী ছানোয়ারা বেগমকে নির্যাতন করতে আশ্রাফ আলী।

২০১০ সালের ৬ ফেব্রুয়ারি আশ্রাফ তার এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলমকে জানান, তার স্ত্রীকে পাওয়া যাচ্ছে না।

খোঁজাখুঁজির পর বাড়ির কাছে একটি পাহাড়ে ছানোয়ারার বস্তাবন্দি লাশ মেলে। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল।

পরদিন নিহত ছানোয়ারার বাবা আবু মিয়া একটি হত্যা মামলা করেন। ২০১০ সালের ১০ জুলাই পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়।

২০১২ সালের ২ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচার শুরু হয়।