২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবির হলে শিবিরকর্মী সন্দেহে এক ছাত্র আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ আব্দুর রব হলে তল্লাশি চালিয়ে শিবিরকর্মী সন্দেহে এক ছাত্রকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2015, 07:31 PM

Updated : 22 Aug 2022, 01:13 PM

মঙ্গলবার দুপুরে ছাত্রলীগের কয়েক’শ কর্মী লাঠিসোটা ও ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে হলের সামনে জড়ো হওয়ার পর বিকালে হলে তল্লাশি চালায় পুলিশ।

হাটহাজারি থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হলে তল্লাশি চালিয়ে মো. মোস্তফা নামে পদার্থবিদ্যা চতুর্থ বর্ষের এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

এসময় মোস্তফার রুম থেকে ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন সাংগঠনিক ও জিহাদি বই উদ্ধার করা হয় বলে জানান তিনি।

এছাড়া হলের বিভিন্ন রুমে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ পাথর, লাঠিসোটা, লোহার রডও উদ্ধার করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা  সালাউদ্দিন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে মনোবিজ্ঞান বিভাগের কিছু শিক্ষার্থী শহীদ আব্দুর রব হল মাঠে খেলতে গেলে হলের কিছু ছাত্র তাদের উদ্দেশ্য করে ‘ব্যাঙ্গাত্মক’ উক্তি করে।

এসময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছাত্রলীগ কর্মীরা লাঠিসোটা ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হলের গেইটে জড়ো হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই হল থেকে শিবিরকর্মীরা ক্যাম্পাসে বিভিন্ন সময়ে নাশকতার পরিকল্পনা করত।”

দুপুরে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের কিছু কর্মী মাঠে খেলতে গেলে তাদের উদ্দেশ্যে কটূক্তি ও হামলা করে শিবিরকর্মীরা।

এর প্রতিবাদ জানাতে ছাত্রলীগকর্মীরা হলের সামনে অবস্থান নেয় বলে জানান সুজন।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, প্রক্টরিয়াল বডি ও পুলিশ সদস্যরা হলে গিয়ে ছাত্রলীগ কর্মীদের হলে অভিযান চালানোর আশ্বাস দিলে তারা চলে যায়।