২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় কর্মীকে ২৩ দিনের জন্য বহিষ্কার করেছে চবি ছাত্রলীগ

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ছয় কর্মীকে ২৩ দিনের জন্য বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 12:39 AM

Updated : 22 Aug 2022, 01:13 PM

রোববার বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দেওয়ায় এ ছয়জনকে বহিষ্কার করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

বহিষ্কৃতরা হলেন- গণিত বিভাগের সাজিদুল কবির, হিসাব বিজ্ঞান বিভাগের ফাহিম হোসেন, মার্কেটিং বিভাগের শিমুল বিশ্বাস, ইংরেজি বিভাগের ইমরান খান, ইসলামের ইতিহাস বিভাগের ইমাম হোসেন এবং মনোবিজ্ঞান বিভাগের আতাউর রহমান।

বহিষ্কৃতরা সবাই ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং চবি ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

সুজন বলেন, “বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কোনো নেতার সঙ্গে পরামর্শ না করে বিশ্ববিদ্যালয় ফটকে তালা দেওয়ায় ছয়জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

“শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কৃতরা ১৩ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত কোনো সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে পারবে না।”

বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলে ‘মোবাইল চুরি’র ঘটনার প্রতিবাদে রোববার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দেন ছাত্রলীগের একদল কর্মী।

এর মিনিট পাঁচেক পরেই পুলিশের সহায়তায় প্রক্টরিয়াল বডি তালা ভেঙে ছাত্রলীগ কর্মীদের সরিয়ে দেয় বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান।

গত ২০ জুলাই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিতে সভাপতি করা হয় আলমগীর টিপু এবং সাধারণ সম্পাদক করা হয় ফজলে রাব্বী সুজনকে।