চট্টগ্রামে যুবকের গামছা পেঁচানো লাশ উদ্ধার
চট্টগ্রামের পতেঙ্গা থানার মুসলিমাবাদ বেড়ি বাঁধ এলাকা থেকে অজ্ঞাতপরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকাল ৪টার দিকে ওই যুবকের (২৫) লাশটি উদ্ধার করা হয়।
যুবকের পরনে ছিল জিন্সের প্যান্ট এবং ফলশার্ট। গলায় গামছা এবং হাতে ও শরীরে জালের দড়ি পেঁচানো।
পতেঙ্গা থানার ওসি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গলায় গামছা ও জালের দড়ি পেঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে। হত্যার পর লাশ সাগরে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
“জোয়ারে ভেসে আসা লাশটি ভাটার সময় বাঁধের কাছে আটকে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করেছি।”
কয়েকদিন আগে ওই যুবককে হত্যা করা হয় বলে পুলিশের ধারণা।
লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
