চট্টগ্রামে রাজমিস্ত্রী খুনে সাবেক সহকর্মী গ্রেপ্তার
চট্টগ্রামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যায় পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে, যিনি আগে নিহতের সঙ্গে রাজমিস্ত্রীর কাজ করতেন।
বৃহস্পতিবার বিকালে বন্দর থানার কলসী দিঘীর পাড় থেকে মো. ইমন ওরফে টেনু মিয়াকে (২৩) গ্রেপ্তার করা হয় বলে বন্দর থানার এসআই জহির হোসেন জানান।
পরে ইমনের দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি, নিহতের মোবাইল ও চুরি করা টাকা উদ্ধার করা হয় বলে জানান তিনি।
ইমন হবিগঞ্জ জেলার বনিয়াচং উপজেলার তাপসকান্দি গ্রামের বাসিন্দা শাফাত আলীর ছেলে। পেশায় রাজমিস্ত্রী ইমন নগরীর কিলসীদিঘী এলাকায় বসবাস করেন।
এ ঘটনায় তার আরেক সহকর্মী জানু মিয়াকে (২৬) খোঁজা হচ্ছে বলে এসআই জহির জানান।
বৃহস্পতিবার দুপুরে কলসীদিঘীর পাড় পকেট গেইটের সালাউদ্দিন কলোনিতে নিজের বাসা থেকে জোনায়েদ মিয়া (২৭) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
জিজ্ঞাসাবাদের ইমনের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে এসআই জহির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “পাওনা টাকা যাতে পরিশোধ করতে না হয় এবং নগদ টাকা হাতিয়ে নিতে জানু মিয়া ও ইমন মিলে জোনায়েদকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।”
তিনি বলেন, নিহত জোনায়েদ, ইমন ও জানু মিয়া আগে একসঙ্গে রাজমিস্ত্রীর কাজ করতেন। গত একবছর ধরে জোনায়েদ বিভিন্ন জনকে সুদে টাকা দিতেন।
“ইমন জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, জোনায়েদ পলাতক জানুর কাছে বিভিন্ন সময়ে দেওয়া ৩৫ হাজার টাকা পেতেন। জানু বৃহস্পতিবার সকালে জোনায়েদের বাসায় গিয়ে পাঁচ হাজার টাকা পরিশোধ করে।
“এসময় জোনায়েদ তাকে বাকি টাকা পরিশোধের জন্য চাপ দিলে জানু ক্ষুব্ধ হয়ে বাসা থেকে বেরিয়ে আসে এবং ইমনকে নিয়ে হত্যার পরিকল্পনা করে।”
এসআই জহির আরও বলেন, “জিজ্ঞাসাবাদে ইমন জানায়, জোনায়েদ জানুকে টাকা দিলেও তাকে কখনও দিতেন না। বাসা ভাড়া দিতে টাকার প্রয়োজন হওয়ায় সে জোনায়েদকে খুন করতে জানুর প্রস্তাবে রাজি হয়।”
“হত্যাকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে ইমন জানায়, সকাল সাড়ে ৮টার দিকে তারা দুইজন মিলে জোনায়েদের বাসায় যায়।
“সেখানে গিয়ে চিকন পাইপ দিয়ে জানু জোনায়েদের গলায় ফাঁস দিয়ে রাখে এবং ইমন বটি দিয়ে গলাকেটে দেয়। এসময় মৃত্যু নিশ্চিত করার জন্য জানু তার কাছ থেকে বটি নিয়ে অন্ডকোষ কেটে ফেলে।”
মৃত্যু নিশ্চিত করে তারা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
এসআই জহির জানান, বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধারের পর জোনায়েদের আট বছরের ছেলে জীবন পুলিশকে বলে, সকালে ইমনকে তাদের বাসায় দেখেছে।
এই তথ্যের ভিত্তিতে বিকালে ইমনকে আটক করা হয় জানিয়ে তিনি বলেন, “আটকের পর ইমন জোনায়েদকে হত্যার এ বিবরণ দেন।
তিনি বলেন, হত্যাকাণ্ডের পর জানু তার মোবাইল ফোন নিয়ে গেলেও ধরা পড়ে যাওয়ার ভয়ে সেটি ওই এলাকায় একটি ডোবাতে ফেলে দেন ইমন।
শুক্রবার ভোরে ইমনকে নিয়ে পুলিশ মোবাইল সেটটি উদ্ধার করে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
