চট্টগ্রামে শিবিরের ১০ কর্মী গ্রেপ্তার
নাশকতার পরিকল্পনার অভিযোগে চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে ইসলামী ছাত্র শিবিরের ১০ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে উপজেলার গোবিন্দরখিল থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (পটিয়া সার্কেল) শামীম হাসান জানান।
তারা নাশকতা চালানোর উদ্দেশ্যে বিভিন্ন উপজেলা থেকে এসে পটিয়ায় জড়ো হন বলে দাবি এই পুলিশ কর্মকর্তার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়াসহ বিভিন্ন উপজেলা থেকে শিবির কর্মীরা এসে গোবিন্দরখিলের ওই বাড়িতে বৈঠক করছিল।
এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রপন্থি বই, পোস্টার, ফেস্টুন উদ্ধার করা হয় বলে জানান তিনি।
এর আগে গত ২৮ অগাস্ট পাইকপাড়া এলাকায় পটিয়া উপজেলা জামায়াত ইসলামীর আমির মুকিবুল ইসলাম চৌধুরী ফারুকের বাড়ি থেকে ফারুকসহ দলটির নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
